শাবিপ্রবির চলমান অচলাবস্থার অবসানে সরকারের হস্তক্ষেপ দাবি করেছে শিক্ষার্থীরা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান অচলাবস্থার নিরসনে সরকারের হস্তক্ষেপ দাবি করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ছাত্রছাত্রীরা এই দাবি জানায়। এ সময় তারা শামীমের হত্যাকারীদের শাস্তিও দাবি করেন ।
দুই সপ্তাহ ধরে চলমান আন্দোলনের অংশ হিসেবে ছাত্রছাত্রীরা বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গনে র্যালি করে। এর আগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ছাত্র শাহরিয়ার কবির শাওন।
এ সময় ছাত্রছাত্রীরা জানান, আগস্টের ৯ তারিখ বিশ্ববিদ্যালয় খুললেও বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক অবস্থা এখনও ফিরে আসেনি। এরইমধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ১৬ মাসের সেশনজটে পড়েছে।
এদিকে উপাচার্যের অপসারণের দাবিতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শিক্ষকদের ধর্মঘট ও কর্মবিরতির কারণে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমও বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় দুই - তিনটি বিভাগ ছাড়া অধিকাংশ বিভাগের ক্লাস হচ্ছে না। এতে ছাত্রছাত্রীরা তাদের সেমিস্টার ফাইনালসহ নিয়মিত পরীক্ষাগুলোও দিতে পারছে না।
প্রসঙ্গত, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য ড. মোসলেহ উদ্দিনের অপসারণের একদফা দাবিতে ছাত্র সংগ্রাম পরিষদ ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শিক্ষক জোট লাগাতার ধর্মঘট ও কর্মবিরতি পালন করছে।
