২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় এক বিদ্যালয়ে ১০ ছাত্রী হঠাৎ অসুস্থ

সাতক্ষীরার একটি বিদ্যালয়ের ১০ জন ছাত্রী অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2006, 08:38 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

বুধবার সকাল ১১টায় ঝাউডাঙা মাধ্যমিক বিদ্যালয়ে বাংলা ক্লাস চলাকালে হঠাৎ করে  ১০ ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গেই অন্য ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অভিভাবকরাও বিদ্যালয়ে ছুটে আসেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম জানান, অস্টম শ্রেণীর বাংলা ক্লাস চলাকালীন রুমানা, সোনিয়া, তিথি, আঁখি ঘোষ, শান্তা, নাদিরা, সিমি ঝিলিক, তামান্না ও মৌ হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় ছাত্রীরা প্রচন্ড ঘামতে থাকে, দাঁত লেগে যায় ও হাত - পা ছোঁড়াছুঁড়ি করতে থাকে। পরে তাদেরকে স্থানীয় গ্রাম্য ডাক্তার শফিকুল ইসলামের ক্লিনিকে ভর্তি করা হয়।

ডাক্তার শফিকুল ইসলাম জানান, কি কারণে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছে তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা মুশকিল। তবে অসুস্থ ছাত্রীদের রক্ত চাপ ও নাড়ির স্পন্দন স্বাভাবিক রয়েছে। প্রাথমিক ভাবে তাদেরকে স্যালাইন ও ভিটামিন ইনজেকশন দেওয়া হয়েছে।

বিকাল পৌনে পাঁচটা পর্যন্ত তাদের চিকিৎসা চলছিল।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ইছহাক আলীর সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি সম্পর্কে তাকে কেউ জানায়নি বলে জানান।