সরকার নয়, মালিকপক্ষই সাংবাদিকদের স্বাধীনতা হরণ করেছে---ড.মোশারফ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন বলেছেন, সরকার নয়, সংবাদপত্রের মালিকপক্ষই সাংবাদিকদের স্বাধীনতা হরণ করেছে। মালিকরা নিজেদের স্বার্থে সংবাদপত্রকে ব্যবহার করে।
তিনি বলেন, নেতিবাচক সংবাদ পরিবেশন করে দেশের ভাবমূর্তি নষ্ট করার মধ্যে দেশপ্রেম নেই।
বুধবার টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ‘বাংলাদেশে গণমাধ্যমের প্রসার: সম্ভাবনা ও বাস্তবতা’ শীর্ষক বার্ষিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, অতীতের যে কোন সময়ের চেয়ে বর্তমানে সংবাদপত্রসমূহ অধিক স্বাধীনতা ভোগ করছে। জাতীয় সংসদ, সরকার, সরকারি - বেসরকারি প্রতিষ্ঠান সংবাদপত্রের কাছে উন্মুক্ত এবং সকল প্রতিষ্ঠান সংবাদপত্রের কাছে পূর্ণমাত্রায় জবাবদিহি করছে।
উপাচার্য তার বক্তব্যে সংবাদপত্রের বিকশিত সম্ভাবনাকে টিকিয়ে রাখতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী বলেন, সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনতার জন্য গণতন্ত্রের সুষ্ঠু বিকাশ প্রয়োজন। সাংবাদিকদের স্বাধীনতা ছাড়া গণতন্ত্রের বিকাশ সম্ভব নয়।
সমিতির সভাপতি মুসতাক আহমদ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আফম ইউসুফ হায়দার, গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক গোলাম রহমান, বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক গাজীউল হাসান খান, দৈনিক আমার দেশের সম্পাদক আমানুল্লাহ কবির, দৈনিক যুগান্তরের উপ সম্পাদক সাইফুল আলম প্রমুখ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগি অধ্যাপক রোবায়েত ফেরদৌস।
বক্তারা সংবাদপত্র ও সাংবাদিকদের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানান।
