বরিশালে বিড়ি শ্রমিকদের বিক্ষোভ
বরিশালের ৫০১ নং সুলতানী বিড়ি কারখানা পুনরায় চালুসহ সাত দফা দাবিতে শ্রমিকরা বুধবার সকালে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে।
পরে তারা জেলা প্রশাসকের কাছে সাত দফা সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করে।
বরিশাল জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ লাল মিয়া এবং সম্পাদক সৈয়দ আহম্মেদ বিডিনিউজ২৪.কমকে জানান, মজুরি বৃদ্ধিসহ সাত দফা দাবি নিয়ে গত ৭ সেপ্টেম্বর কারখানার শ্রমিকদের সাথে মালিক পক্ষের বৈঠক অনুষ্ঠিত হলেও কোন প্রকার সিদ্ধান্ত ছাড়াই তা শেষ হয়। এরপর মালিক পক্ষ পূর্ব ঘোষণা ছাড়াই ৮ সেপ্টেম্বর থেকে কারখানা বন্ধ করে দেয়।
এর ফলে কারখানাটিতে কর্মরত প্রায় ৮শ’ শ্রমিক পাঁচদিন ধরে কর্মহীনভাবে মানবেতর জীবনযাপন করছে।
এদিকে এ কারখানার বিক্রয় ম্যানেজার সরোয়ার মোরশেদ শ্রমিকদের অভিযোগ অস্বীকার করে বলেন, স্টকে পর্যাপ্ত পরিমাণ তামাক না থাকায় কারখানা সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে।
তিনি আরো জানান, মালিক পক্ষের সাথে আলোচনা করে শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়টি নির্ধারণ করা হবে।
