২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরায়নের ক্ষেত্রে ভূমির সঠিক ব্যবহার ও পরিবহন ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া উচিত: মতবিনিময় সভায় বক্তারা

‘নগরায়নের ক্ষেত্রে ভূমির সঠিক ব্যবহার ও পরিবহন ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া উচিত। ডিইউটিপি (ঢাকা নগর পরিবহন পরিকল্পনা) এবং এসটিপি (কৌশলগত পরিবহন পরিকল্পনা) দুটি প্রকল্পই অনুমান নির্ভর এবং কুসংস্কারের ভিত্তিতে তৈরি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2006, 04:28 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

এখানে শুধু প্রাইভেট কার এবং বাস চলাচলকে গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু সাধারণ মানুষের ও শারীরিক প্রতিবন্ধীদের বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। প্রকৃতপক্ষে রাস্তা হওয়া উচিত মানুষের জন্য।

সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং মানুষের জন্য রাস্তার যৌথ উদ্যোগে আয়োজিত ‘ঢাকা মহানগরীর পরিবহন পরিকল্পনা ও পরিবেশ: বর্তমান ও ভবিষ্যত’ শীর্ষক এক মতবিনিময় সভায় উপস্থাপিত মূল প্রবন্ধে একথা বলা হয়েছে।

বাপার সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের প্রজেক্ট সেন্টার লি. এর রিসার্চ অফিসার ড. মাহাবুবুল বারী, আলোচনায় অংশ নেন অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক ড. রোকসানা হাফিজ, অধ্যাপক ড. কে এম মনিরুজ্জামান, বাপার সাধারণ সম্পাদক মহিদুল হক খান প্রমুখ।

অধ্যাপক মোজাফফর বলেন, ‘ঢাকা সিটি করপোরেশনকে এখন রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে পরিণত করা হয়েছে। জেলা - উপজেলার উন্নয়ন না করে রাজধানীর যতই উন্নতি হোক না কেন তাতে লাভ হবে না। ২০ বছর পর শহরের চিত্র কেমন হবে তা নিয়ে আমরা স্বপ্ন দেখি না’। 

ড. বারী তার প্রবন্ধে বলেন, সম্প্রতি শেষ হওয়া প্রকল্প ডিইউটিপির সাফল্য হিসেবে মিরপুর সড়কে রিক্সা বন্ধ করাকে দেখানো হলেও এর মাধ্যমে কোনো উপকার হয়নি বরং অর্থনীতির ক্ষতি হয়েছে। প্রতি বছরে এ জন্য দেশের ৮ শ কোটি টাকা ক্ষতি হচ্ছে এবং ৮০ ভাগ মানুষের যাতায়াত সমস্যা বেড়েছে। অথচ বিশ্বব্যাংক এখন তার দায়িত্ব অস্বীকার করছে।

তিনি তার প্রবন্ধে সুপারিশ হিসেবে ডিইউটিপি এবং এসটিপির মত প্রকল্পকে গাড়ির জন্য না করে মানুষের জন্য নতুন করে সমীক্ষা করা, পথচারীদের প্রাধান্য দিয়ে নগর উন্নয়নের পরিকল্পনা করা, পাবলিক পরিবহন ও জ্বালানীমুক্ত যানের সমন্বয়ে যাতায়াত ব্যবস্থা গড়ে তোলা এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও চাহিদা এবং যোগানের সমন্বয়ে রাজধানীর জন্য টেকসই যাতায়াত ব্যবস্থা গড়ে তোলার কথা উল্লেখ করেন।