২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বব্যাংক, আইএমএফের সভায় শর্ত নয়, সংস্কার চাই: সুপ্র

সুশাসনের জন্য প্রচারাভিযান - সুপ্রর কর্মকর্তারা বলেছেন, ‘আগামী ১৪ থেকে ২০ সেপ্টেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠেয় বিশ্বব্যাংক ও আইএমএফ এর ৫০তম সভায় আমরা কোন শর্ত চাই না, সংস্কার চাই’।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2006, 02:16 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

সোমবার সকালে যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা একথা বলেন।

বক্তারা বলেন, গত ৬০ বছর ধরে বিশ্বব্যাংক ও আইএমএফ বাণিজ্যের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণের জন্য কাজ করছে। কিন্তু স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর প্রতি ঢালাও উদারীকরণ, বেসরকারিকরণ ও একচোখা নীতির ফলে দারিদ্র্য বেড়েছে। স্বল্পোন্নত দেশের সংখ্যা ২২ থেকে ৫০-এ উন্নীত হয়েছে।

সুপ্র যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল লতিফ তার লিখিত বক্তব্যে জানান, ’৬০ এর দশক থেকেই বিশ্বব্যাংক আইএমএফ শর্ত দিয়ে আমাদের দেশের তেল, গ্যাস ও কয়লা সেক্টরে সরকারি মনিটরিং, গবেষণা, উত্তোলন ক্ষমতা একদিকে যেমন নষ্ট করে দিয়েছে, তেমনি আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বিদেশী কোম্পানিগুলোর আগমন ও তাদের লুণ্ঠনের পথ প্রশস্ত করে দিয়েছে। মাগুরছড়ায় আমাদের ছয় হাজার কোটি টাকার সম্পদ ধ্বংসের জন্য ইউনিক্যাল, অক্সিডেন্টাল প্রভৃতি কোম্পানি দায়ী। টেংরাটিলায় নাইকো ১২ হাজার কোটি টাকার সম্পদ ধ্বংস করেছে। এরা কাফকো ও লাফার্জ কোম্পানিকে খরচের চেয়ে কম দামে গ্যাস দিতে প্রভাবিত করেছে। যেমন করছে টাটাকে কম দামে গ্যাস বিক্রি করার জন্য। এরাই এশিয়া এনার্জির বাংলাদেশে প্রবেশের পথ প্রশস্ত করেছে। পক্ষান্তরে আমাদের দেশীয় প্রতিষ্ঠান বাপেক্স এখনো কোন দুর্ঘটনা ঘটায়নি।

সংবাদ সম্মেলনে সুপ্রর পক্ষে ৭ দফা পেশ করা হয়।

এর মধ্যে রয়েছে অর্থনৈতিক সিদ্ধান্ত প্রণয়নে রাষ্ট্রসমূহের সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের অধিকারকে সম্মান করতে হবে, শর্তবিহীন ঋণ দিতে হবে, অতীতের সকল ঋণ প্রদান ও তার নীতিমালার ওপর তদন্ত অনুষ্ঠান করতে হবে, শাসক গোষ্ঠীর অবৈধ লুণ্ঠিত অর্থের দায় জনগণ নেবে না ইত্যাদি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রর জেলা সভাপতি বিনয় কৃষ্ণ মল্লিক, সুরাইয়া খাতুন প্রমুখ। তারা এ দাবিসমূহ বাংলাদেশের অর্থমন্ত্রীকে ফ্যাক্সবার্তায় জানাবেন বলে সাংবাদিকদের জানান।