দুই বাংলাদেশীর লাশ ফেরত দিয়েছে বিএসএফ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সীমান্তের কাছে বিএএসএফ এর গুলিতে নিহত দুই বাংলাদেশীর লাশ শনিবার রাতে বিএসএফ ফেরত দিয়েছে।
নিহত দুই বাংলাদেশী হলেন ধিমাই গ্রামের রমজান আলীর ছেলে ময়ুব আলী (১৮) ও একই গ্রামের ইসমাইল আলীর ছেলে আ. সামাদ (২৫)।
গত ৭ সেপ্টেম্বর ধিমাই গ্রামের ওই দুই বাংলাদেশী ভুলক্রমে নো - ম্যান্স ল্যান্ডে প্রবেশ করে। আর সঙ্গে সঙ্গে বিএসএফ সদস্যরা গুলি করে হত্যা করে তাদের লাশ ভারতে নিয়ে যায়। শনিবার বিএসএফ এবং বিডিআরের মধ্যে মোকামটিলায় পতাকা বৈঠকের পর দুই বাংলাদেশীর লাশ বিডিআরের কাছে হস্তান্তর করা হয়।
বিডিআরের পক্ষে ৩৮ ব্যাটালিয়নের কমান্ডার আব্দুল করিম এবং বিএসএফের পক্ষে ৯৬ বিএসএফের ডেপুটি কমান্ডার শক্তিনাথ সিংহ বৈঠকে নেতৃত্ব দেন। পরে বিডিআর রাত ১১টায় বড়লেখা থানায় তাদের লাশ হস্তান্তর করে।
