২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে ফেনসিডিল ব্যবসায়ীদের হামলা, আহত ৮

লালমনিরহাট শহরের খোচাবাড়ি গ্রামে ফেনসিডিল ব্যবসায় বাধা দেওয়ায় ফেনসিডিল ব্যবসায়ীরা একটি বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2006, 10:15 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

এ ঘটনায় কমপক্ষে ৮ জন আহত হয়েছে।

আহতরা হলেন, জয়নাল (২৮), কামাল (৩২), নুর ইসলাম (৩৬), মোবারক (৪৭), নওশেদ (২৫), শফিকুল (২৭), আফরোজা বেগম (৩৬), রতন (১৫)।

ঘটনাস্থল থেকে পুলিশ ফেনসিডিল ব্যবসায়ী জয়নাল ও নুরুল ইসলাম নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করলেও একটি বিশেষ মহলের হস্তক্ষেপে তাদেরকে ছেড়ে দেয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে খোচাবাড়ি এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এলাকাবাসী জানায়, খোচাবাড়ি গ্রামের জয়নাল ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ফেনসিডিল ব্যবসা চালিয়ে আসছে। কিছুদিন ধরে একই গ্রামের মোবারক হোসেন ফেনসিডিল ব্যবসার বিরোধিতা করে আসছিল। মোবারক ১০ থেকে ১৫ দিন আগে বিডিআরকে ফেনসিডিল ব্যবসা সম্পর্কে জানালে জয়নাল তাকে ধরার জন্য তার সহযোগীদের লেলিয়ে দেয়। এ ঘটনাও মোবারক ১৯ রাইফেলস্ ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার ল্যাফটেনেন্ট কর্ণেল সাফায়েতকে জানান।

বুধবার রাত আনুমানিক ১ টায় জয়নাল দলবলসহ লাঠিসোটা ও ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মোবারকের বাড়িতে আকস্মিক হামলা চালায় এবং বাড়ির লোকজনকে মারধর করে ও লুটপাট চালায় এবং যাওয়ার পথে তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে মোবারকের একটি টিনের ঘর ও একটি খড়ের ঘর সম্পুর্ণ ভস্মিভূত হয়। এতে প্রায় পঁচিশ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলতাফ হোসেন ফেনসিডিল ব্যবসায়ী গ্রেফতারের কথা অস্বীকার করে বলেন ঘটনাটি এ রকম নয়। স্থানীয়ভাবে সালিশী বৈঠকে একটি অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশ এদেরকে থানায় নিয়ে আসে। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।