সাগরে গোসল করতে গিয়ে দুই ভাইয়ের করুণ মৃত্যু, অপরজন মূমূর্ষু
কক্সবাজারে বেড়াতে এসে তিন ভায়ের মধ্যে দুই ভাই সাগরের পানিতে ডুবে মারা গেলেন, আরেকজনের অবস্থা আশংকাজনক।
মঙ্গলবার সন্ধ্যায় সাগরে গোসল করতে নেমে একই সময়ে তিন সহোদর সৌদি ফেরত জুম্মান(৩৫), রেদোয়ান(২২) ও আরমান(৩০) সাগরে ভেসে যায়। পরে বড় ভাই জুম্মানের লাশ উদ্ধার করা গেলেও রেদোয়ান নিখোঁজ ছিল। অপর ভাই আরমানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়।
গাজীপুরের টঙ্গি পৌর এলাকার পুবাইল এলাকার সাতপোয়া গ্রামের অবসরপ্রাপ্ত নৌ বাহিনী কর্মকর্তা এম এ মান্নানের তিন ছেলে ও নববপরিণীতা পুত্রবধূ মঙ্গলবার সকালে কক্সবাজার বেড়াতে আসেন। বিকালে সাগরে গোসল করতে গিয়ে ভাটার টানে তিন সহোদর ভেসে যায়। সাগরপাড়ে দাঁড়িয়ে থাকা জুম্মানের নবপরিনীতা স্ত্রী তিথির (২২) চিৎকারে আশপাশের লোকজন ও সৈকতে কর্মরত ইয়াসির লাইফ গার্ডের সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে জুম্মানকে মৃত ও আরমানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করতে পারলেও রেদোয়ান হারিয়ে যায়। বৃহস্পতিবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে কলাতলীর বড়ছড়া এলাকায় রেদোয়ানের লাশ পাওয়া যায়।
কক্সবাজার টিভি রিলে কেন্দ্রে কর্মরত রেদোয়ানের নিকটাত্মীয় জাহেদ হোসেন লাশের গায়ের পোশাক দেখে লাশ সনাক্ত করেন। তিনিই লোকজন নিয়ে লাশ জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন।
কক্সবাজার থানার ওসি এনায়েত উদ্দিনও রেদোয়ানের লাশ পাওয়ার কথা স্বীকার করে বলেন, লাশ গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
