২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবছর এইচএসসির ফলাফলকে ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফল’ বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক এ বছর এইচএসসি পরীক্ষার ফলাফলকে ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফল’ বলে উল্লেখ করেছেন। এবার ৯টি শিক্ষা বোর্ডের এইচএসসিতে পাশের গড় ৬৫ দশমিক ৬৫ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2006, 06:43 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

ফল প্রকাশের পর বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, এবারের ফলাফল সর্বকালের সর্বশ্রেষ্ঠ। প্রায় প্রতিটি বোর্ডেই এবার ফলাফল ভাল করার ধারাবাহিকতা অক্ষুন্ন রেখেছে। এতে শিক্ষার মানোন্নয়নে মন্ত্রণালয়ের নেওয়া পদক্ষেপের সুফল পড়েছে।

তবে সহজ ও নিুমানের প্রশ্নের কারণে এবারের ভাল হওয়ার অভিযোগ অস্বীকার করেন।

তিনি বলেন, এর আগে শিক্ষার্থীরা কি বিষয়ে জানে না, তা যাচাই করার জন্য কঠিন প্রশ্ন করা হতো। এখন শিক্ষার্থীরা কি জানে, তা যাচাই করার জন্য প্রশ্ন তৈরী করা হয়েছে। এটা একটা ইতিবাচক দিক।

তিনি পাঁচ বছর পর পরীক্ষায় পাশের হার ৯০ শতাংশে উন্নীত হওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, শিক্ষার মানোন্নয়ন ও নকল রোধের ধারাবাহিকতায় এবার ফলাফল ভালো হয়েছে। সারাদেশের ৯টি বোর্ডের অধীনে মোট ৫ লাখ ১০ হাজার ৯৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ লাখ ৩৫ হাজার ৪৫৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ধারাবাহিকতা অক্ষুন্ন থাকলে পাঁচ বছর পর পরীক্ষায় পাশের হার ৯০ শতাংশে উন্নীত হবে।

ভাল ফলাফলের জন্য শিক্ষকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, এ বছর মোট ৯ হাজার ৮৬৪ জন জিপিএ - ৫ পেয়েছে। যা মোট শিক্ষার্থীর ২ দশমিক ২ শতাংশ। অথচ ২০০১ সালে জিপিএ - ৫ পেয়েছিল মাত্র ২০ জন। মন্ত্রণালয়ের পদক্ষেপের পাশাপাশি শিক্ষক ও সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার কারণে এটা সম্ভব হয়েছে।

তিনি বলেন, আগে ধারাবাহিকভাবে শহরকেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভাল ফলাফল করতো। এ বছর বেশিরভাগ ভাল ফলাফল করেছে মফস্বলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবার সবচেয়ে ভাল ফল করেছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রী বলেন, খারাপ ফলাফল করছে এমন প্রতিষ্ঠানগুলোর সরকারি অর্থ আটকে দেয়া হবে। তবে তাদের একবারের জন্য সুযোগ দেওয়া হয়েছে। একই সাথে ভাল ফলাফলকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করতে অবকাঠামোগত সহযোগিতা দেয়ার ব্যাপারে একটি স্থায়ী নীতিমালা থাকা দরকার।

অন্য এক প্রশ্নের জবাবে ওসমান ফারুক বলেন, বর্তমানে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ‘সম্মান’ পর্যায়ের প্রায় তিন লাখ আসন রয়েছে। এছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও যথেষ্ট আসন রয়েছে।

প্রায় ২১ মাস আগে দেশের ৮টি নিুমানের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ কার্যকর করা হবে কিনা এ প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে পদক্ষেপ নেয়া হচ্ছে। তবে জটিলতার কারণে সুপারিশ কার্যকর করা যাচ্ছে না।