বরিশালে জিপিএ - ৫ এর ভিত্তিতে শীর্ষ ১০ শিক্ষা প্রতিষ্ঠান
জিপিএ - ৫ এর ভিত্তিতে বরিশাল বোর্ডে শীর্ষ দশে স্থান পায়নি ঝালকাঠীর কোন কলেজ। তবে বরিশাল জেলার ৪টি, পটুয়াখালীর ও বরগুনা ২টি করে এবং ভোলা ও পিরোজপুর জেলার ১টি করে কলেজ শীর্ষ দশে স্থান করে নিয়েছে।
সেরা ১০টি কলেজের জিপিএ - ৫ এর তালিকায় শীর্ষ স্থানটি দখল করেছে বরিশালের অমৃত লাল দে কলেজ। কলেজটিতে পাশের হার ৮৮ দশমিক ০৭ এবং মোট জিপিএ - ৫ পেয়েছে ৭২ জন শিক্ষার্থী।
দ্বিতীয় অবস্থানে রয়েছে সরকারি মহিলা কলেজ। এ কলেজে জিপিএ - ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৩১ এবং পাশের হার ৭২ দশমিক ২৭। পাশের হার শতভাগ হলেও জিপিএ - ৫ এর ভিত্তিতে তৃতীয় স্থান দখল করেছে বরিশাল ক্যাডেট কলেজ। কলেজটিতে জিপিএ-৫ পেয়েছে ৩১ শিক্ষার্থী।
এ ছাড়া শীর্ষ দশে থাকা সাতটি কলেজ হলো- সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, পটুয়াখালী মোজাহার উদ্দিন কলেজ, বরগুনা সরকারি কলেজ, পিরোজপুর সরকারি মহিলা কলেজ, আমতলী কলেজ, ভোলার চরফ্যাশন কলেজ এবং পটুয়াখালীর গলাচিপা ডিগ্রী কলেজ।
বরিশাল শিক্ষা বোর্ডে তিনটি কলেজের কোন শিক্ষার্থী পাশ করতে পারেনি। শূণ্য পাশের হারের তালিকাভুক্ত কলেজগুলো হলো - বরিশালের বাকেরগঞ্জ মহিলা কলেজ, পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজ এবং ঝালকাঠীর নলছিটি উপজেলার আবদুল আজিজ মাহবুদুল্লাহ কলেজ।
