সিউল শান্তি পুরস্কার পেলেন ড. ইউনূস
অষ্টম সিউল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসের নাম ঘোষণা করা হয়েছে।
সিউল প্রেস সেন্টারে বুধবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সিউল প্রাইজ কালচারাল ফাউন্ডেশন এ পুরস্কারের জন্য ড. ইউনূসের নাম ঘোষণা করে বলা হয়, দারিদ্র্য দূরীকরণে তার নিরলস প্রচেষ্টা এবং দরিদ্রদের ঋণদানের ক্ষেত্রে নতুন মডেল সৃষ্টি বিশ্বে বৃহত্তর শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রেখেছে।
দুই বছর পরপর রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং আন্তর্জাতিক সংগঠনকে তাদের অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়ে থাকে। পুরস্কারের অর্থমূল্য দুই লাখ মার্কিন ডলার।
গ্রামীণ ফোনের প্রতিষ্ঠাতা তার প্রতিক্রিয়ায় বিডিনিউজকে বলেন, ‘আমি আনন্দিত। এটা আমার জন্য, দেশের জন্য এবং আমার সহকর্মীদের জন্য সম্মানের ব্যাপার’।
তিনি বলেন, ‘আমি এ পুরস্কারকে আমার কাজের একটি স্বীকৃতি হিসেবে নিচ্ছি’।
ড. ইউনূসের নতুন ব্যাংকিং পদ্ধতি এবং গ্রামীণ ব্যাংকের সাফল্য বিশ্বের ২৩ টি দেশে অনুসরণ করা হচ্ছে বলে পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে।
১৯৯০ সাল থেকে এ পুরস্কার চালু করা হয়। ১৯৮৮ সালে সিউল অলিম্পিক গেমসের সাফল্য স্মরণ করে এ পুরস্কার দেওয়া হয়ে থাকে। ওই অলিম্পিক গেমসে পূর্ব ও পশ্চিমের আদর্শিক দেওয়াল ভেঙে দিয়ে বিশ্বের ১৬০ টি দেশ অংশ নেয়।
ড. ইউনূস অষ্টম সিউল শান্তি পুরস্কার বিজয়ী। এর আগের বিজয়ীদের মধ্যে রয়েছেন জাতিসংঘ মহাসচিব কফি আনান, চেক প্রজাতন্ত্রের সাবেক রাষ্ট্রপতি ভ্যাকল্যাভ হ্যাভেল। আন্তর্জাতিক সংগঠনের মধ্যে ডক্টরস উইদাউট বোর্ডার এবং অক্সফামের মতো সংগঠন এ পুরস্কার লাভ করে।
অক্টোবরের ১৯ তারিখে সিউলের একটি হোটেলে এক অনুষ্ঠানের ম্যধ দিয়ে এ পুরস্কার বিতরণ করা হবে।
