২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারদর নিয়ন্ত্রণে মানবাধিকার কমিশনের ৯ দফা সুপারিশ

বাজারদর নিয়ন্ত্রণে নয়টি সুনির্দিষ্ট প্রস্তাবসহ একটি সুপারিশমালা পেশ করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2006, 07:53 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

বুধবার প্রতিষ্ঠানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

সুপারিশমালায় বাণিজ্যমন্ত্রী অথবা বাণিজ্য সচিব অথবা মেজর জেনারেল কিংবা তার ওপরের কোন পদের একজন সামরিক কর্মকর্তার নেতৃত্বে একটি জাতীয় বাজারদর নিয়ন্ত্রণ কমিটি গঠনের এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, যেমন আইজিপি, বিডিআর এর ডিজি, র‌্যাব এর ডিজি এবং স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান, এনজিও প্রতিনিধি, আইনজীবী, সাংবাদিকদের এর সদস্য করার প্রস্তাব দেওয়া হয়।

এভাবে শীর্ষস্থানীয় কর্মকর্তাদের নেতৃত্বে বিভাগ অথবা জেলা ও উপজেলা পর্যায়ে জেলা অথবা শহর অথবা উপজেলা বাজারদর নিয়ন্ত্রণ কমিটি গঠনেরও প্রস্তাব দেওয়া হয়।

সুপারিশমালায় বলা হয়, প্রাথমিকভাবে এরা সপ্তাহে একদিন এবং পরে দুই সপ্তাহ পর পর স্থানীয় এবং আমদানীকৃত পণ্যের বাজার দর পর্যালোচনা করবেন।

বিএইচআরসি এসব বাজারদর নিয়ন্ত্রণ কমিটির দ্বারা আমদানীকৃত পণ্যের খুচরা ও পাইকারী দাম নির্ধারণ এবং এই তালিকাটি সারা দেশে ব্যবহারের জন্য কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন মার্কেটে ঝুলিয়ে রাখা বাধ্যতামূলক করারও প্রস্তাব দেয়।

তারা এই তালিকাটি জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে প্রকাশ করারও দাবি জানায়।

বিএইচআরসি অসাধু ব্যবসায়ী ও দায়িত্বে অবহেলাকারী কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এদের এক বছরের সাজা অথবা ১০,০০০ টাকা জরিমানা করার প্রস্তাব দেয়।

এছাড়া তারা আইন অমান্যকারী মজুতদারদের দুই বছরের সাজা অথবা ৫০,০০০ হাজার টাকা জরিমানা করার প্রস্তাব রাখে।