নির্বাচনে জিততে পারবে না বুঝতে পেরে তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: কবিরহাটে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, বিরোধী দল গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে বাকশালতন্ত্রে। তারা নির্বাচনে জিততে পারবে না বুঝতে পেরেই নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।
নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজ মাঠে আজ মঙ্গলবার বিকেলে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
স্থানীয় সাংসদ আইন মন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমদের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া, যুবদল সভাপতি বরকত উল্যা বুলু, সাংসদ অ্যাডভোকেট মাহবুবুর রহমান, মোঃ শাহজাহান, জয়নুল আবেদীন ফারুক, এমএ হাসেম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনর রশিদ আজাদ, উপজেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, জেলা জামাতের আমির মাওলানা আব্দুল মোনায়েম, কাজী নিজাম উদ্দীন ফারুক প্রমুখ।
প্রধানমন্ত্রী বিরোধী দলের সমালোচনা করে বলেন, তারা চায় না দেশে একটা সুন্দর নির্বাচন হোক। দেশ সংবিধান অনুযায়ী চলছে এবং সংবিধান অনুযায়ী চলবে। কোনো ব্যক্তির ইচ্ছায় দেশ চলতে পারে না। সংবিধান অনুযায়ী দু’মাস পর তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবো। তার তিন মাসের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে যারা বিজয়ী হবে তারাই নতুন করে সরকার গঠন করবে। যারা সংবিধান মানে না তারাই তত্ত্বাবধায়ক সরকার সংস্কারের দাবি তুলছে। আওয়ামী লীগ নিজেদের পছন্দের লোককে প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনার পদে বসিয়ে নির্বাচন করতে চায়। তারা জনগণের ওপর আস্থা রাখতে পারছে না।
খালেদা জিয়া বলেন, সরকার যখন উন্নয়ন করছে তখন বিরোধীদল দেশে জ্বালাও পোড়াও কর্মসূচী দিচ্ছে। তারা বিশৃঙ্খলার রাজনীতিতে বিশ্বাসী। তারা ক্ষমতায় থেকে দেশের উন্নয়ন করেনি। এখন বিরোধী দলে থেকে উন্নয়নে বাধা সৃষ্টি করছে।
তিনি বলেন, তাদের সময় সন্ত্রাস, দুর্নীতি ও উন্নয়ন না করায় তাদের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। তারা জেলায় জেলায় গডফাদার সৃষ্টি করে মানুষের শান্তি কেড়ে নিয়েছে। দেশের মানুষ এখন শান্তিতে আছে। দেশে বিদেশী বিনিয়োগ বাড়ছে, মানুষের মাথা পিছু আয় বেড়েছে। কর্মস্থানের সৃষ্টি হয়েছে।
প্রধানমন্ত্রী নোয়াখালীর উন্নয়ন ও বিভিন্ন প্রতিশ্র“তি বাস্তবায়নের চিত্র তুলে ধরে উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে জোট প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদকে নির্বাচিত করার আহ্বান জানান।
এর আগে প্রধানমন্ত্রী অশ্বদিয়া ইউনিয়নের আইয়ুবপুরে ১৫ একর জমির ওপর সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে বিসিক শিল্প নগরীর উদ্বোধন, ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত কবিরহাট পৌরসভা ভবনের উদ্বোধন এবং ছয় কোটি টাকা ব্যয়ে কবিরহাট উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন।
