লালমনিরহাটে মাদ্রাসায় ছাত্র - শিক্ষক সংঘর্ষ, শিক্ষকসহ আহত ৪
লালমনিরহাটে নেছারিয়া কামিল মাদ্রাসায় মঙ্গলবার ছাত্র ও শিক্ষকদের সংঘর্ষে শিক্ষকসহ চারজন আহত হয়েছে।
উপবৃত্তির টাকা আত্মসাত, পরীক্ষার ফলাফল প্রকাশে বিলম্ব, অদক্ষ শিক্ষক এমনকি পিয়ন দিয়ে ক্লাস নেওয়া বদ্ধসহ ছাত্রদের ১৫ দফা দাবিতে সকালে ছাত্রদের বিক্ষোভকালে এ সংঘর্ষ ঘটে।
ছাত্ররা শিক্ষকদের লাইব্রেরিতে ঢুকিয়ে তালা ঝুলিয়ে অবরুদ্ধ করে রাখে। আধা ঘন্টা পর সদর থানা পুলিশ ঘটনাস্থল এসে অবরুদ্ধ শিক্ষকদের উদ্ধার করে।
এরপর মাদ্রাসা ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।
বিক্ষুদ্ধ ছাত্রদের মধ্যে মিজানুর, সোহেল, রাব্বি ও শামসুল জানান, মাদ্রাসার ভাইস প্রিন্সিপ্যাল মাওলানা মাহফুজুর রহমানের নেতৃত্বে শিক্ষকরা ছাত্রদের উপবৃত্তির টাকাসহ যাবতীয় অনুদান আত্মসাত করে আসছেন এবং অনিয়মতান্ত্রিকভাবে মাদ্রাসা পরিচালনা করছেন।
তারা বলেন, কর্তৃপক্ষ অদক্ষ শিক্ষক এমনকি পিয়নদের দিয়ে ক্লাস পরিচালানা করছেন। এ ছাড়া তারা সময়মতো পরীক্ষার ফলাফল প্রকাশ না করেই পরবর্তী পরীক্ষার জন্যে ছাত্রদের কাছ থেকে টাকা আদায় করেন।
এদিকে মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর বলেন, একটি কুচক্রি মহল ছাত্রদের উস্কানি দিয়ে অপ্রীতিকর ঘটনা সৃষ্টির চেষ্টা করছে।
ছাত্রদের দাবিগুলো তিনি ম্যানিজিং কমিটিতে আলোচনা করবেন বলে জানান।
সংঘর্ষে আহত দুই শিক্ষক রুহুল ও মজিদ রহমান এবং দুই ছাত্র মিলন ও শামসুলকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
