সাতক্ষীরায় আটক দুজনকে পুলিশে সোপর্দ
র্যাবের উপর গুলিবর্ষণ করে সরকারী কাজে বাধা দেওয়ার অপরাধে আটক সাতক্ষীরা দেবহাটা উপজেলার ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতাকে অস্ত্র ও গুলিসহ রোববার গভীর রাতে র্যাব সদস্যরা পুলিশে সোপর্দ করেছে।
আটককৃতরা হলেন, দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামের ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম এবং তার চাচা দেবহাটা থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজিবার রহমান।
পুলিশ জানায়, শনিবার রাত ২ টার দিকে র্যাব খুলনা - ৬ এর একটি বিশেষ দল কালিগঞ্জ উপজেলার বেজোড়হাটি এলাকা থেকে বোমাসহ মোহাম্মদ আলী নামে এক ব্যক্তিকে আটক করে। আরও সন্ত্রাসী ধরার জন্য তারা সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের হাদিপুর ধোনার মোড়ে অবস্থান নেয়।
এসময় দেবহাটার নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান রেজাউল নলতা থেকে বাড়ী ফেরার পথে সাদা পোশাকে র্যাব সদস্যরা তাকে থামতে বলে। কিন্তু তিনি ডাকাত ভেবে দ্রুত মোটর সাইকেল নিয়ে সে স্থান ত্যাগ করেন। পরে বাড়ি থেকে অস্ত্র ও লোকজন নিয়ে একটি প্রাইভেট কারে করে ঘটনাস্থলে আসেন। এসময় চেয়ারম্যানের ভাই রবিউল ইসলাম র্যাব সদস্যদের লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করেন। র্যাবের পরিচয় পাওয়ার পর গুলিবর্ষণ বন্ধ করলে রেজাউল ও নজিবরকে র্যাব আটক করে। অন্যদের পাশাপাশি এসময় আগের আটক মোহাম্মদ আলীও পালিয়ে যায়।
আটককৃতদের কাছ থেকে একটি টু টু বোর রাইফেল, ১টি বন্দুক, ৮ রাউন্ড গুলি ও ৩ রাউন্ড বন্দুকের কার্তুজ উদ্ধার করে র্যাব সদস্যরা।
এ ঘটনায় র্যাব খুলনা ৬ - এর ১ নং কোম্পানীর ডিওডি আবুল কালাম আজাদ বাদী হয়ে সরকারী কাজে বাধাদান ও মারধর করে আসামী ছিনিয়ে নেওয়ার অপরাধে এবং অস্ত্র আইনে দেবহাটা থানায় দুটি পৃথক মামলা দায়ের করেন।
এ ব্যাপারে দেবহাটা থানার দারোগা আব্দুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামীদের আজ সোমবার সকাল ১১ টায় সাতক্ষীরা কোর্টে উদ্ধারকৃত মালামালসহ হাজির করা হয়েছে।
