সাতক্ষীরায় ২ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬
সাতক্ষীরায় র্যাবের ওপর গুলিবর্ষণ করায় দুই বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব।
দেবহাটা উপজেলার হাদিপুর মোড় থেকে দু’টি আগ্নেয়াস্ত্রসহ এদের গ্রেপ্তার করা হয়।
এছাড়া প্রায় একই সময় র্যাব কালিগঞ্জ উপজেলার বাবুরাবাদ ভাঙ্গামারী ভূমিহীন জনপদ থেকে আগ্নেয়াস্ত্র ও বোমাসহ ৪ সন্ত্রাসীকে গ্রেপ্তার করে।
সূত্র জানায়, দেবহাটা উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ রোজাউল ইসলাম রোববার ভোর রাতে নলতা থেকে বাড়ী ফিরছিলেন। পথে সাতক্ষীরা--কালিগঞ্জ সড়কের হাদিপুর ইটভাটার কাছে র্যাব সদস্যরা তাকে মোটর সাইকেল থামানোর সংকেত দেয়। কিন্তু তিনি তাদের ডাকাত ভেবে দ্রুতগতিতে মোটর সাইকেল চালিয়ে জামালপুরে নিজ বাড়িতে ফেরেন।
পরে ডাকাতদের আটকের উদ্দেশ্যে তার চাচা দেবহাটা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজিবর সর্দারসহ কয়েকজন বিএনপি নেতা আগ্নেয়াস্ত্রসহ ঘটনাস্থলে ফিরে আসেন। এ সময় ডাকাত সন্দেহে তারা র্যাব সদস্যদের ওপর গুলিবর্ষণ করেন। র্যাব সদস্যরাও পাল্টা জবাব দেন।
প্রকৃত ঘটনা জানতে পেরে গুলিবর্ষণ বন্ধ করে চেয়ারম্যান রেজাউল করিম র্যাব সদস্যদের সাথে যোগাযোগ করেন। এ সময় র্যাব দু’টি টু টু বোর রাইফেলসহ তাকে ও তার চাচা নজিবর সর্দারকে গ্রেপ্তার করে।
পরে র্যাব সদস্যরা কালিগঞ্জ উপজেলার বাবুরাবাদ ভাঙ্গামারী ভুমিহীন জনপদে অভিযান চালিয়ে কয়েকটি অস্ত্র ও বোমাসহ ৪ সন্ত্রাসীকে আটক করে। আটক সন্ত্রাসীরা হলো সামছুদ্দীন, জহুর, নওয়াব আলী ও সাগর।
আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য খুলনা র্যাব--৬ সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী ঘটনার সত্যতা স্বীকার করেন।
খুলনা র্যাব--৬ সদর দপ্তরে যোগাযোগ করা হলে তারা গ্রেপ্তারের ঘটনা স্বীকার করেন। তবে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ না করা পর্যন্ত এ বিষয়ে তারা বিস্তারিত কিছৃু জানাতে রাজি হননি।
