বুয়েট খোলার দাবিতে ৬ সেপ্টেম্বর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ধর্মঘট
অবিলম্বে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) খুলে দিয়ে টার্ম ফাইনাল পরীক্ষার নতুন তারিখ ঘোষণার দাবিতে ৬ সেপ্টেম্বর অবস্থান ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
এই কর্মসূচিতে বুয়েটের সকল ছাত্র--ছাত্রীকে অংশগ্রহণ করার আহ্বান জানানো হচ্ছে।
বিজ্ঞপ্তিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বুয়েট শাখার নেতারা এ বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থার জন্য সরকার সমর্থক ছাত্র সংগঠনগুলোর রাজনৈতিক স্বার্থ হাসিলের পাশাপাশি বুয়েট কর্তৃপক্ষের অদূরদর্শিতা ও একগুঁয়েমিকে দায়ী করেন। এর ফলে বুয়েট ছাত্র--ছাত্রীরা বিশাল এক সেশনজটে আক্রান্ত হবে বলে তারা উদ্বেগ প্রকাশ করেন।
নেতৃবৃন্দ অবিলম্বে বুয়েট খুলে দিয়ে টার্ম ফাইনাল পরীক্ষর নতুন তারিখ ঘোষণার দাবি জানান। এই দাবিতে গত ৬ আগস্ট মুক্তাঙ্গনে মানববন্ধন, ১৩ আগস্ট টিএসসির মুনীর চৌধুরী সম্মেলন কক্ষে ছাত্র মতবিনিময় সভা এবং ২০ আগস্ট বুয়েট উপচার্য বরাবর স্মারকলিপি পেশের কর্মসূচি পালিত হয়।
প্রসঙ্গত, গত ৩১ জুলাই ২০০৬ পরীক্ষা পেছানোকে কেন্দ্র করে আন্দোলনের প্রেক্ষাপটে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বুয়েট বন্ধের ঘোষণা ও হল খালি করার নির্দেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তি।
