অবৈধভাবে নির্মিত ভবন ভেঙ্গে ফেলতে রাজউকের নির্দেশ কার্যকর হচ্ছে না
রাজধানীর ভবনগুলোর অবৈধ অংশগুলো ভেঙ্গে ফেলতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উপুর্যপুরি নির্দেশ মানা হচ্ছে না।
ইমারত নির্মাণ আইনের ক্রমাগত লংঘন ও রাজউকের নির্দেশ পালন না কারার কারণে কোটি মানুষের ঢাকা মহানগরী ক্রমশই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
রাজউকের কর্মকর্তা (অথরাইজড অফিসার) নূর ইসলাম বিডিনিউজের কাছে অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, ‘অভিযোগগুলো আমরা পর্যালোচনা ও তদন্ত করে দেখে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিচ্ছি। কিন্তু প্রশাসনিক জটিলতার কারনে উদ্যোগ কার্যকর করা সম্ভব হচ্ছে না’।
রাজউক সূত্রে জানা যায়, গত আগস্ট মাসের প্রথম সপ্তাহেই রাজউক সায়েন্স ল্যাবরেটরি মোড়ের ২০ তলাবিশিষ্ট ‘সুকন্যা’ টাওয়ারের চারদিকে অবৈধভাবে নির্মিত অংশ সাতদিনের মধ্যে ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছিল। রাজউকের এ নির্দেশ টাওয়ার কর্তৃপক্ষ অমান্য করে কোনো অংশই ভাঙ্গার কাজ শুরু করেনি।
সুকন্যা টাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক ডা. সিরাজুল ইসলাম নির্মাণ কাজে কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করে বিডিনিউজকে জানান, ‘রাজউকের কোনো অভিযোগ থাকলে তা ভবন নির্মাণের আগেই শেষ করা উচিত ছিল। আমরা বিষয়টি বিবেচনা করার জন্য রাজউককে জানিয়েছি। আশা করি, তারা বিষয়টি বিবেচনা করবে’।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঢাকা শহরে বর্তমানে কয়েক হাজার এ ধরণের ভবনের ব্যাপারে আপত্তি রয়েছে। সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাসহ রাজউকের প্রভাবশালী কর্মকর্তাদের কারনেই এসব ভবনের অবৈধভাবে নির্মিত অংশ ভেঙ্গে ফেলার ব্যাপারে কোন উদ্যোগই কার্যকর হয়না।
প্রতিনিয়তই নিুমানের সামগ্রী ব্যবহারে ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ, অবৈধভাবে নকশার বাইরের এলাকাকে ভবনে সংযুক্ত ও ওপরে দিকে ভবনের পরিধি বাড়ানো হচ্ছে। এতে প্রতিনিয়তই ঢাকা শহরের ঝুঁকি বাড়ছে।
রাজউকের প্রধান প্রকৌশলী এমদাদুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি তার অধীনে নয় বলে কোনো মন্তব্য করতে অস্বীকার করেন।
