শাবিপ্রবির উপাচার্যের বিরুদ্ধে এবার ডানপন্থী শিক্ষকরা আন্দোলনে নামলেন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডানপন্থী (বিএনপি ও জামাত সমর্থিত) শিক্ষকরাও এবার উপাচার্যের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন।
আজ বৃহস্পতিবার ডানপন্থী শিক্ষকরা তিনজনের শিক্ষা ছুটি নিয়ে টালবাহানার প্রতিবাদে অবস্থান ধর্মঘট পালন করেন। এসময় বক্তব্য রাখেন ড. ফয়জুল হক। তিনি বলেন, তিন শিক্ষকের শিক্ষা ছুটির ফাইল উপাচার্য আটকে রেখেছেন। এজন্যই তারা আন্দোলন শুরু করেছেন।
প্রসঙ্গত উপাচার্য প্রফেসর ড. মোসলেহ উদ্দিন আহমদের অপসারণের দাবিতে গত ৫ জুলাই থেকে শাবি প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শিক্ষকরা আন্দোলন করে আসছেন।
গত ১২ থেকে ১৪ মে শাবিতে সংঘটিত ঘটনাবলীর পর উপাচার্য ড. মোসলেহ উদ্দিন আহমদ স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যেতে বাধ্য হন। শিক্ষকদের পদোন্নতি, নিয়োগসহ নানা বিষয়ে স্বোচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত উপাচার্য ড. মোসলেহ উদ্দিন ৫ জুলাই আবার ক্যাম্পাসে ফিরে এলে প্রগতিশীল ছাত্র ও শিক্ষকরা তার অপসারণের দাবিতে সোচ্চার হন।
ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ গত ৯ আগস্ট বিশ্ববিদ্যালয় খোলার দিন থেকেই লাগাতার ছাত্র ধর্মঘট শুরু করে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের দু’ একটি বিভাগে ক্লাস হওয়া ছাড়া সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকে, এ অবস্থায় পুুলিশ প্রহরায় বিশ্ববিদ্যালয়ের বাস চালুর সিদ্ধান্ত নিয়েও ব্যাপক সংঘাতের আশংকায় তা করা সম্ভব হয়নি।
সম্প্রতি শিক্ষকদের শিক্ষা ছুটি ও পদোন্নতি নিয়ে নতুন কর অনিয়মে আশ্রয় নেয়ায় উপাচার্যের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সপক্ষের শিক্ষকদের আন্দোলনের সাথে ডানপন্থী শিক্ষকদের মৌন সমর্থন ছিল।
