২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে দারোগাসহ ২২ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী

নরসিংদীতে দারোগাসহ বিএনপির ২২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী হয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2006, 08:28 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

নরসিংদীর প্রথম শ্রেণীর ম্যাজিস্টেট মো. শওকত আলী বুধবার এ গ্রেফতারী পরোয়ানা জারী করেন।

আদালত সূত্র জানায়, মনোহরদী উপজেলার ক্ষিদিরপুর ইউনিয়ন যুবদল সভাপতি মো. মানিকের নেতৃত্বে মনোহরদী থানার দারোগা আবু ছিদ্দিকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একই ইউনিয়নের মনতলা গ্রামের নাজিম উদ্দীনের বাড়িতে গত ১৬ এপ্রিল গভীর রাতে হামলা চালায়। তারা গৃহকর্তার শিশু - সন্তানসহ পরিবার পরিজনকে ঘর থেকে বাহিরে এনে বেঁধে রেখে মালামাল লুট করে এবং বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এ সময় আশপাশের লোকজন দৌড়ে এলে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় এবং উৎকোচের বিনিময়ে তাদেরকে মুক্তি দেওয়া হয়।

এ ব্যাপারে গৃহকর্তার স্ত্রী বেদেনা বেগম মনোহরদী থানায় মামলা দায়ের করতে গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা নিতে অস্বীকৃতি জানায়। পরে ১২ জুন বেদেনা বেগম নরসিংদী প্রথম শ্রেণীর ম্যাজিট্রেট আদালতে ৩৩২/০৬ পিটিশন মামলা দায়ের করেন। ঐদিন বিজ্ঞ ম্যাজিট্রেট মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য মনোহরদী উপজেলা ভূমি কর্মকর্তাকে নির্দেশ দেন।

উপজেলা ভূমি কর্মকর্তা সরেজমিনে তদন্ত করে ২৮ আগস্ট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে ঘটনার সত্যতা পাওয়ায় ম্যাজিট্রেট দারোগা আবু ছিদ্দিকসহ বিএনপির ২২ নেতা - কর্মীর বিরুদ্ধে বুধবার গ্রেফতারী পরোয়ানা জারি করেন।