২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার

চট্টগ্রাম শহরের নাসিরাবাদ এলাকা থেকে পুলিশ মঙ্গলবার রাতে সাঈদ আকবর চৌধুরী নামে এক কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2006, 06:36 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

খবর পেয়ে পুলিশ নাসিরাবাদ হাউজিং সোসাইটির অঙ্কুর প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি ড্রেন থেকে মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে কাস্টমস ইন্সপেক্টর (এক্সাইজ এবং ভ্যাট) সাঈদ আকবর চৌধুরীর লাশ উদ্ধার করে। তিনি ওই এলাকাতেই থাকতেন।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে পাঁচলাইশ থানা পুলিশ জানায়, পরিবারের সদস্যদের সাথে আকবর সোমবার ফেনীতে তার গ্রামের বাড়ি যান। মঙ্গলবার সকালে তিনি একাই চট্টগ্রামে ফিরে আসেন।

কাস্টমস কর্মকর্তা আকবর চৌধুরীর মৃত্যুর বিষয়টি রহস্য জানা না গেলেও তার দেহে এবং একটি হাতে বেশকিছু আঘাতের চিহ্ন রয়েছে এবং তার গলা একটি দড়ি দিয়ে পেঁচানো ছিল। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের আত্মীয়-স্বজন এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় এসে পৌঁছেনি এবং এ হত্যাকাণ্ডের কোনও কারণ পুলিশ জানতে পারেনি। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।