বরিশালের আংশিক ভেঙে ফেলা মসজিদ পরিদর্শন করেছেন মেয়র
বরিশাল নগরীর বিবির পুকুর পাড়ের সৌন্দর্য বৃদ্ধির নামে আংশিক ভেঙে ফেলা আদালত পাড়া মসজিদ পরিদর্শন করেছেন সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সারোয়ার।
বুধবার মেয়র মসজিদ পরিদর্শনে গিয়ে উপস্থিত মুসল্লিদের মৌখিকভাবে মসজিদটি সংস্কারের আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার মসজিদ ভাঙার ওপর বিডিনিউজ এর একটি প্রতিবেদনের বরাত দিয়ে বরিশালের দৈনিক শাহনামার সম্পাদক একে আজাদ মেয়রকে জানান। একথা জেনে তিনি সাংবাদিকদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
এ ছাড়া তথ্য দেওয়ার জন্য মেয়র মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম মাহবুব এবং মসজিদের ইমাম আব্দুর রহমানকে ডেকে নিয়ে গালমন্দ করেছেন বলেও উপস্থিত একটি সূত্র জানিয়েছে।
মেয়রের সঙ্গে সাক্ষাতের কথা স্বীকার করে আব্দুর রহমান বলেন, পুকুরের উন্নয়নের কাজে মেয়র মসজিদের ৪ ফুট জায়গা নিয়ে তার পরিবর্তে ১২ ফুট জায়গা দেওয়ার আশ্বাস দিয়েছে। তবে কবে নাগাদ সেটা দেবেন তা নির্দিষ্ট করে বলেননি।
