২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে ফুলবাড়ীতে এশিয়া এনার্জির কাজকর্ম বন্ধ, সমস্ত কর্মকর্তা - কর্মচারি প্রত্যাহার, নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি

দিনাজপুরের ফুলবাড়ী হত্যাকাণ্ড ও হাজার হাজার জনতার স্বতঃস্ফূর্ত বিক্ষোভ - আন্দোলনের মুখে ফুলবাড়ী থেকে কাজকর্ম গুটিয়ে নিয়েছে এশিয়া এনার্জি। ফুলবাড়ীতে কাজ বন্ধ করে সংস্থাটি সেখান থেকে তাদের সমস্ত কর্মকর্তা ও কর্মচারি প্রত্যাহার করে নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2006, 07:10 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

এদিকে শনিবার ফুলবাড়ীতে বিক্ষুব্ধ জনতার ওপর পুলিশ না বিডিআর কোন পক্ষ গুলি ছুঁেড়ছে, এ নিয়ে পাওয়া গেছে পরস্পর বিরোধী বক্তব্য। ওই ঘটনায় প্রশাসনের সব পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে তিন জন নিহত ও হাসপাতালে ভর্তি ৩২ জন আহত হওয়ার কথা বলছে।

দিনাজপুর জেলা প্রশাসক তাহসিনুর রহমান বিডিনিউজকে জানান, কাজ বন্ধ করে দিয়ে রোববার রাতেই ফুলবাড়ীর কার্যালয় ও সমস্ত ইউনিট থেকে এশিয়া এনার্জির সমস্ত কর্মকর্তা ও কর্মচারি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক এশিয়া এনার্জির এই সিদ্ধান্তকে বিক্ষুব্ধ জনতার রোষানলের মুখে একটি সময় উপযোগী সিদ্ধান্ত বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘এশিয়া এনার্জি যেহেতু ৩০ বছরের জন্য কয়লা খনিতে কাজ করবে, সেজন্য তাদেরকে স্থানীয় জনগণের সঙ্গে সমঝোতায় এসেই কাজ করতে হবে। 

এদিকে ‘তেল - গ্যাস - খনিজ সম্পদ ও বিদ্যুত - বন্দর রক্ষা জাতীয় কমিটির’ ব্যানারে শনিবার ফুলবাড়ীতে এশিয়া এনার্জির কার্যালয় ঘেরাও সমাবেশের ওপর গুলিবর্ষণের জন্য পুলিশ ও বিডিআর পরস্পরকে দোষরোপ করছে।

আন্দোলনকারীরা ওই সমাবেশের ওপর গুলি চালিয়ে, রাবার বুলেট ছুঁড়ে ও টিয়ার শেল মেরে ১০ জনকে হত্যা ও শতাধিক ব্যক্তিকে আহত করার কথা বললেও জেলা প্রশাসন, পুলিশ ও বিডিআর বলছে, প্রকৃত পক্ষে নিহত হয়েছে মাত্র তিনজন। হাসপাতালে ভর্তি আহতের সংখ্যা ৩২ জনের বেশী নয়।

‘তেল - গ্যাস - খনিজ সম্পদ ও বিদ্যুত - বন্দর রক্ষা জাতীয় কমিটির’ সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মাদ রোববারই ঢাকায় এক সংবাদ সম্মেলনে দাবি করেন, শনিবার ফুলবাড়ীতে আইন - শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় ১০ জন কর্মী নিহত হন। এদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেলেও বাকি পাঁচজন নিখোঁজ রয়েছেন। আনু মুহাম্মদের ভাষ্য মতে, ঘটনার পর পরই দিনাজপুর, ফুলবাড়ি ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন শতাধিক কর্মী।

শনিবার সমবেত জনতার ওপর পুলিশ না বিডিআর গুলি ছুঁেড়ছে, তা জানতে চাওয়া হলে জেলা প্রশাসক তাহসিনুর রহমান বলেন, আসলে ওইদিন হাজার হাজার জনতা এতোই বিক্ষুব্ধ ছিল যে, শেষ পর্যন্ত গুলিবর্ষণ না করে ম্যাজিস্ট্রেটর আর কোনো উপায় ছিলো না।

তিনি বলেন, পুলিশ - বিডিআর সকলে মিলেই ওই গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে। কোন পক্ষ কতগুলি ছুঁড়েছে, তা একটি তদন্তাধীন কাজ। পুরো বিষয়টি তদন্ত করলেই তা বেরিয়ে আসবে। 

তিনি আরো বলেন, ওইদিন গুলি করা না হলে উত্তেজিত জনতা হয়তো এশিয়া এনার্জির সমস্ত ভবন গুঁড়িয়ে দিতো। কোনোভাবেই তাদের বোঝানো বা শান্ত করা যাচ্ছিল না।

তিনি জানান, গুলিবর্ষণের ঘটনায় নিহত হয়েছে মাত্র তিনজন। এই তিনজনের কথাই আনুষ্ঠানিকভাবে সমস্ত কাগজপত্রে লেখা হয়েছে। এ নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফজলুল রহমান জানান, নিহতরা হচ্ছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফুলবাড়ির চাঁনপাড়া গ্রামের মোখলেসুর রহমানের পুত্র তরিকুল ইসলাম (২১), ফুলবাড়ির বরোকোনা গ্রামের আব্দুল হামিদের পুত্র দিনমজুর আমিন এবং একই উপজেলার ঝোড়োপাড়ার জনৈক সালেহীন। 

তিনি জানান, রোববার রাতেই নিহতদের লাশ আত্মীয় - স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, শনিবার সমবেত জনতার ওপর পুলিশ নয়, বিডিআর গুলিবর্ষণ করে। পুলিশ শুধু টিয়ার শেল ও রাবার বুলেট ছুঁড়েছিল। এ সংক্রান্ত সমস্ত কিছু থানায় নথিপত্র করা হয়েছে।

অন্যদিকে বিডিআর এর দিনাজপুর জোনের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল নুরুল আলম বিডিনিউজকে বলেন, ওই ম্যাজিস্ট্রেটের একাধিক লিখিত নির্দেশ পাওয়ার পর বিডিআর মাত্র ৩০ রাউন্ড গুলিবর্ষণ করেছে।

তিনি বলেন, পুলিশ সেদিন গুলি ছুঁড়েছিল কি না তা তারাই জানে। তবে তাদের কাছেও চাইনিজ রাইফেল আছে। এই রাইফেল বিডিআর সদস্যরাও ব্যবহার করে।

তিনি ওই ঘটনায় নিহতের সংখ্যা তিনজন এবং রংপুর হাসপাতালে ১৮, দিনাজপুর হাসপাতালে আট এবং ফুলবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জনসহ মোট ৩২ জন গুলিবিদ্ধ হওয়ার কথা জানান।

কর্নেল আলম রোববার একটি টেলিভিশন চ্যানেলে বিডিআর সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে হামলা করছে বলে যে সংবাদ প্রচার করা হয়েছে, তার প্রতিবাদ জানান।

তিনি বলেন, এটি একটি অতিরঞ্জিত সংবাদ। উত্তেজিত জনতা বিডিআর সদস্যদের ওপর হামলা করলে তারা তাদের ধাওয়া করে, ঘটনা শুধু এটুকুই।