২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৭ আগস্ট: ১৯৯৫ সালের এই দিনে দিনাজপুরে পুলিশের গুলিতে নিহত হয়েছিল ৭ জন

আজ ২৭ আগস্ট। ১৯৯৫ সালের এই দিনে ইয়াসমীন হত্যাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ দিনাজপুরবাসীর ওপর নির্বিচারে গুলি চালিয়েছিল পুলিশ। এতে ঝরে গিয়েছিল সাত সাতটি তাজা প্রাণ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2006, 10:01 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

দিনাজপুর ইয়াসমিন ট্রাজেডি স্মরণ কমিটির উদ্যোগে স্থানীয় বাহাদুর বাজার চত্বরে আজ রোববার এক স্মরণসভায় দিনটিকে বিশেষভাবে স্মরণ করা হয়।

স্মরণসভায় সভাপতিত্ব করেন দিনাজপুর (বীরগঞ্জ - কাহারোল)- ১ আসনে সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। আরও বক্তব্য রাখেন, গজাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ইয়াসমিন আন্দোলনের অগ্রনেতা রকিব উদ্দিন চৌধুরী মুন্না, আন্দোলনের অন্যতম নেতা ইসতিয়াকুর রহমান, ইমরুল কায়েছ রুপমসহ স্মরণ কমিটির নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, ১৯৯৫ সালের ২৪ আগস্ট পুলিশ হেফাজতে কিশোরী ইয়াসমিন ধর্ষণ ও হত্যার কথা জানাজানি হওয়ার পর উত্তপ্ত হয়ে উঠে দিনাজপুর। ইয়াসমিনকে পতিতা বানু হিসাবে পুলিশ পরিচিত করতে তৎপর হওয়ায় বিক্ষুব্ধ হয়ে উঠে দিনাজপুরবাসী। এ ঘটনার প্রতিবাদে ২৭ আগস্ট উত্তেজিত জনতা ইনস্টিটিউট হতে জমায়েত হয়ে মিছিল নিয়ে যাওয়ার সময় লিলি ট্রাফিক মোড়ে প্রথমে সামু পুলিশের গুলিতে মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে সারা শহরে আগুন জ্বলে উঠে। এ ঘটনায় উত্তেজিত জনতা মিছিল নিয়ে মুন্সিপাড়া পুলিশ ফাঁড়ীর দিকে এগোতেই পুলিশ নির্বিচারে গুলিবর্ষণ করে। নিহত হয় সিরাজ, কাদেরসহ আরও ৬ জন।

জেলার রাজনৈতিক সামাজিক সংগঠনসহ আন্দোলনকারীরা বৈঠক করে প্রতিবাদ করে এই হত্যাকান্ডের। পুরো দিনাজপুরে তখন বিক্ষোভ ছড়িয়ে পড়লে জারী হয় কার্ফু। কার্ফু ভেদ করে বিক্ষুদ্ধ জনতা বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। তাতে পুড়ে যায় ৪টি পুলিশ ফাঁড়ি, ৮টি গাড়ি, ৪টি সংবাদপত্র অফিস এবং প্রেসক্লাব। জনতার ভয়ে প্রশাসন পুলিশ বিডিআর প্রত্যাহার করে নেয়।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবছর ২৪ থেকে ২৭ আগস্ট ট্রাজেডি দিবস পালিত হয়ে আসছে।