ফুলবাড়ী ট্র্যাজেডির জন্য আন্দোলন সংগঠকদের দায়ী করলেন জ্বালানি উপদেষ্টা
জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান রোববার ফুলবাড়ীর ট্র্যাজেডির জন্য তেল - গ্যাস - খনিজ সম্পদ ও বিদ্যুৎ - বন্দর রক্ষা জাতীয় কমিটিকে দায়ী করে বলেন, উষ্কানিদাতারাই এসব মর্মান্তিক মৃত্যুর জন্য দায়ী।
এশিয়া এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) সাথে তার সচিবালয়ের কার্যালয়ে বৈঠকের আগে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি ফুলবাড়ীর ঘটনাকে ‘বেদনাদায়ক’ এবং আন্দোলনকে ‘অহেতুক’ বলে উল্লেখ করেন।
আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোঁড়ার প্রয়োজনীয়তা সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হলে বলেন, এ ব্যাপারে জেলা প্রশাসন ভালো বলতে পারবে। জ্বালানি মন্ত্রণালয় নয়, ফুলবাড়ীর মর্মান্তিক ঘটনার ফলে সৃষ্ট পরিস্থিতি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখছে বলে তিনি জানান।
জাতীয় কমিটির ব্যানারে আন্দোলন করতে গিয়ে শনিবার দিনাজপুরের ফুলবাড়ীতে ৫ জন নিহত এবং ৫০ জন আহত হয়।
জাতীয় রাজনীতিতে অবস্থান শক্তিশালী করতে বামদল তথা জাতীয় কমিটি ফুলবাড়ীর নিরীহ জনগণ এবং কয়লা প্রকল্পকে ‘গিনিপিগ’ হিসেবে ব্যবহার করেছে বলে তিনি জানান।
এ ঘটনার সাথে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের জড়িত থাকার অভিযোগের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় এশিয়া এনার্জিকে সমর্থন দিয়েছে। তাই এ ঘটনায় আওয়ামী লীগ জড়িত থাকার কথা নয়।
তিনি আরও জানান, কিন্তু আওয়ামী লীগ রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য তথাকথিত কমিটি এবং উষ্কানিদাতাদের সমর্থন দিচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।
মাহমুদুর রহমান বলেন, ফুলবাড়ী কয়লা প্রকল্প এবং এশিয়া এনার্জির ভবিষ্যৎ এ ঘটনায় নয়, বরং আইন, কয়লা নীতি এবং জাতীয় স্বার্থের ওপর নির্ভর করবে।
