দিনাজপুরে অনির্দিষ্টকাল হরতাল পালিত হচ্ছে
তেল, গ্যাস, বিদ্যুৎ ও বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকে রোববার থেকে দিনাজপুর জেলায় অনির্দিষ্টকালের হরতাল পালিত হচ্ছে।
উত্তেজিত জনতার উপর বিডিআর ও পুলিশের গুলিবর্ষণের ফলে শনিবার পাঁচজন নিহত ও কয়েক শ ব্যক্তি আহত হওয়ার প্রতিবাদে এ হরতাল পালিত হচ্ছে।
শনিবারের এ রক্তক্ষয়ী সংঘর্ষের পর গ্রেফতার ও পুলিশি হয়রানি এবং ঢাকায় ফেরত পাঠানোর ভয়ে এ কমিটির নেতারা বর্তমানে পলাতক রয়েছেন।
কমিটির নেতা অধ্যাপক আনু মোহাম্মদ বিডিনিউজকে জানান যে তাদের দাবি পূরণ এবং পুলিশ ও বিডিআর এর হামলার প্রতিবাদে রোববার বিকেলে তারা নতুন কর্মসূচি ঘোষণা করবেন।
কমিটির ডাকে হরতাল চলাকালে সংঘর্ষের ফলে বেশ কিছু হরতাল সমর্থক আহত হয়েছেন।
যে কোনো ধরনের অবাঞ্ছিত ঘটনা এড়ানোর জন্য শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিপুল সংখ্যক পুলিশ ও বিডিআর মোতায়েন করা হয়েছে।
দিনাজপুরের ফুলবাড়ি কয়লাখনি এলাকায় বিক্ষুব্ধ জনতার সঙ্গে র্যাব, বিডিআর ও পুলিশের সংঘর্ষে শনিবার বিকালে অন্ততঃ ৫ জন নিহত এবং অপর ৫০ জন আহত হয়। তেল, গ্যাস ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির ডাকে এশিয়া এনার্জি কোম্পানীর কার্যালয় ঘেরাও কর্মসূচি চলাকালে এ সংঘর্ষ ঘটে। এ ঘটনার পর পুলিশ বিভিন্ন বাড়িতে অভিযান চালায়।
