চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রশস্ত্র, মদ এবং ভারতীয় মুদ্রাসহ ১ ব্যক্তি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোড়লটোলা গ্রামে র্যাব ৫ এর সদস্যরা শনিবার মধ্যরাতে অভিযান চালিয়ে অস্ত্রশস্ত্র, মদ এবং ভারতীয় মুদ্রাসহ জিল্লুর রহমান ওরফে জেনারুল (৩৫)কে গ্রেপ্তার করেছে। জেনারুলের পিতার নাম নওশের আলী।
রাজশাহী র্যাব-৫ এর মেজর রাশিদুল হাসান বিডিনিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা শনিবার রাত সাড়ে ১২টার দিকে মোড়লটোলা গ্রামে জেনারুলের বাড়িতে অভিযান চালান।
এসময় তারা একটি পিস্তল, চারটি বোমা, তিন হাজার নয়শত ভারতীয় রুপী ও এক বোতল ভারতীয় মদসহ জেনারুলকে গ্রেপ্তার করেন।
এই ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
