হাসান আজিজুল হককে হত্যার হুমকি ও অবাঞ্ছিত ঘোষণায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিন্দা ও প্রতিবাদের ঝড়
বিশিষ্ট কথা সাহিত্যিক হাসান আজিজুল হককে হত্যার হুমকি দেওয়ায় ও ক্যাম্পাসে তাকে অবাঞ্ছিত ঘোষণা করায় বিশ্ববিদ্যালয়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান আজিজুল হককে ‘সচেতন ছাত্র ছাত্রীর’ ব্যানারে সম্প্রতি ইসলামী ছাত্র শিবির ক্যাডাররা ওই হত্যার হুমকি দেয় ও তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে। একই সঙ্গে হুমকিদাতারা তার কুশপুত্তলিকাও পোড়ায়।
আজ শুক্রবার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন পৃথক পৃথক বিবৃতিতে হুমকিদাতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।
এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক প্রফেসর আব্দুস সোবাহান বিডিনিউজকে জানান, তাদের পক্ষ থেকে ওই হুমকিদাতা গোষ্ঠির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপাচার্যকে আলটিমেটাম দেওয়া হয়েছে।
তিনি বলেন, উপাচার্য কোনো পদক্ষেপ গ্রহণ না করলে প্রগতিশীল শিক্ষক সমাজ কঠোর কর্মসূচি ঘোষণা করবে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাকসুর ছয়জন সাবেক সহ সভাপতি ও সাধারণ সম্পদক এক যৌথ বিবৃতিতে বলেন, বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা হাসান আজিজুল হককে হত্যার হুমকি দেওয়া একটি ঘৃণ্য ষড়যন্ত্রের অংশ।
বিবৃতিতে তারা বলেন, এসব কর্মকা- একটি সুদুরপ্রসারী চক্রান্তের ধারাবাহিক মঞ্চায়ন মাত্র। ওই মৌলবাদী গোষ্ঠী হাসান আজিজুল হকের তথ্য ও বক্তব্য বিকৃত করে মিথ্যা প্রচারণায় লিপ্ত রয়েছে। দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করার জন্য তারা অপচেষ্টা শুরু করেছে।
বিবৃতিতে ফজলে হোসেন বাদশা, নুরুল ইসলাম ঠা-ু, রুহুল কুদ্দুস বাবু, রাগীব আহসান মুন্না প্রমুখ স্বাক্ষর করেন।
বঙ্গবন্ধু পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি প্রফেসর মোখলেছুর রহমান পৃথক এক বিবৃতিতে বলেন, হাসান আজিজুল হককে হত্যার হুমকি দেওয়ার ঘটনা দেশের বিবেকবান মানুষের কণ্ঠরোধ করার একটি অপচেষ্টা।
এ ছাড়া রাবি শাখা ছাত্রলীগ, প্রগতিশীল ছাত্রজোট, জাসদ ছাত্রলীগ, সাংস্কৃতিক জোট, গণশিল্পী সংস্থাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন অনুরূপ বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এসব বিবৃতিতে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়ার দাবি জানানো হয়।
