বৃহত্তর আধুনিক ঢাকা গড়ার লক্ষ্যে মাস্টার প্ল্যান নেওয়া হচ্ছে: মেয়র
জনবহুল রাজধানীর ভবিষ্যত নগর সমস্যা মোকাবিলায় ৫০ বছর মেয়াদী মহা পরিকল্পনা (মাস্টার প্ল্যান) নেওয়া হচ্ছে। এই পরিকল্পনা অনুযায়ী নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী এলাকা, কেরানীগঞ্জ, গাজীপুর ও সাভারকে অন্তর্ভূক্ত করে বৃহত্তর আধুনিক ঢাকা গড়ে তোলা হবে।
ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা বুধবার ‘মিট দা রিপোর্টার্স’ অনুষ্ঠানে এ তথ্য জানান। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) উদ্যোগে সংগঠনের সেগুনবাগিচার কার্যালয়ে ‘নগর জীবন ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনায় মেয়র সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
ডিআরইউ এর সভাপতি শফিকুল করিমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী, সাংবাদিক নেতা সাইফুল ইসলাম ও সিদ্দিকুর রহমান।
মেয়র জানান, ওই মাস্টার প্ল্যানে ভবিষ্যতের আধুনিক ঢাকার রাস্তাঘাট, পানি সরবরাহ, বিদ্যুত, গ্যাস, পয়ঃনিস্কাশনসহ নানা নাগরিক সুবিধার কথা চিন্তা করা হয়েছে। এজন্য নেওয়া হবে বিদেশী নগর বিশেষজ্ঞদের পরামর্শ। এ সংক্রান্ত একটি প্রস্তাবনা এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিবেচনাধীন।
তিনি বলেন, প্রায় এক কোটি লোকের শহর ঢাকায় প্রতিদিন কাজের সন্ধানে মানুষ ছুটে আসছে। লেখাপড়া করার জন্যও বাড়ছে এ শহরের শিক্ষার্থীদের সংখ্যা। এর সঙ্গে তাল মিলিয়ে স্বল্প বরাদ্দ ও লোকবল নিয়ে প্রয়োজনীয় নাগরিক সুযোগ - সুবিধা বৃদ্ধি করা সত্যিই দূরূহ একটি কাজ। এজন্যই আমরা ওই মাস্টার প্ল্যানের কথা চিন্তা করেছি।
তিনি আরো বলেন, তবু আমি মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর আগের চেয়ে ঢাকাকে আরো সুন্দর ও আধুনিক করার কাজে বেশ খানিকটা এগিয়েছি। বেশকিছু পদক্ষেপও নেওয়া হয়েছে। ভবিষ্যতে নগরবাসী এর সুফল আরো পাবেন।
অনুষ্ঠানে মেয়র খোকা নতুন নতুন রাস্তাঘাট নির্মাণ, আবর্জনা পরিস্কার, সৌন্দর্য বর্ধন ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
মেয়র পদে দায়িত্ব নেওয়ার পরই তিনি ‘নগর সরকার’ বাস্তবায়ন করার যে ঘোষণা দিয়েছিলেন, তা গত পাঁচ বছরেও হয়নি কেনো জানতে চাওয়া হলে তিনি বলেন, নগর সরকার প্রতিষ্ঠা হলেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে, তা নয়। এ বিষয়ে চট্টগ্রাম, রাজশাহী ও বরিশালের মেয়রের সঙ্গেও আমি যথেষ্ট আলোচনা করেছি। বিষয়টি সরকারের বিবেচনাধীন।
পুলিশের খাতায় সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত এমন কয়েকজন ওয়ার্ড কমিশনার দিয়ে আপনি কিভাবে নগরীর আইন -- শৃঙ্খলা রক্ষা করে চলেছেন - এ প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখুন, এটি দৃষ্টিভঙ্গির ব্যাপার। আমিও আটটি হত্যা মামলাসহ প্রায় পৌণে ২০০ মামলা মোকাবিলা করেছি। তাহলে তো বলতে হয় আমিও সন্ত্রাসী।
সাদেক হোসেন খোকা বলেন, কে সন্ত্রাসী, আর কে নয়, অথবা কে কোন দল করে সেটা আমার দেখার বিষয় নয়। তারা প্রত্যেকে জনপ্রতিনিধি। জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারা একেকটি এলাকার প্রতিনিধিত্ব করছেন। আমি শুধু বলতে পারি, রাজনৈতিক দলগুলো যেন ভবিষ্যতে প্রার্থী মনোয়নের ক্ষেত্রে আরো সতর্ক হয়। ভোট দেওয়ার ক্ষেত্রে জনগণকেও আরো সচেতন হতে হবে।
ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নগরবাসী আরো সচেতন হয়েছে বলে এ বছরও কিছু ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। কিন্তু এখনো ডেঙ্গু রোগে কেউ মারা যায়নি।
অনুষ্ঠানে মেয়র খোকা বেশকিছু ভবিষ্যত পরিকল্পনা ও উদ্যোগের কথা জানান।
এর মধ্যে কারওয়ান বাজারের পাইকারি বাজার ও মাছের আড়ত স্থানান্তর, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের নামে রাস্তার নামকরণ এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে আসাদ স্মৃতিস্তম্ভ, নগরীর চারপাশে চারটি কাঁচাবাজার, রামপুরা - সোনারগাঁও লিংক রোড, আরো চারটি কবরস্থান, স্থানান্তর যোগ্য যাত্রী ছাউনি - ইত্যাদি নির্মাণ অন্যতম।
এ ছাড়া তিনি ‘স্কাই রেলওয়ে’ নির্মাণ করার ভবিষ্যত পরিকল্পনার কথা ঘোষণা করেন।
