সাতক্ষীরায় ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার ৫টি মামলার বিচার কর্যক্রম এখনও শুরু হয়নি
২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার ঘটনায় সাতক্ষীরায় দায়েরকৃত পাঁচটি মামলার বিচার কার্যক্রম এখনও শুরু করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
আদালত সূত্র জানায়, গ্রেপ্তারকৃত কিছু আসামিকে খুলনা দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজির না করা ও শীর্ষ জঙ্গিদের অনেকের দেশের বিভিন্ন আদালতে ফাঁসি, যাবজ্জীবন কারাদণ্ড এবং বিভিন্ন মেয়াদে সাজার আদেশ হওয়ায় এ দীর্ঘসূত্রিতার সৃষ্টি হয়েছে।
সে কারণে এই পাঁচটি মামলার নথিপত্র আবার সাতক্ষীরার ১ নং বিশেষ ট্রাইবুনালে ফেরত পাঠানো হয়েছে।
সূত্রটি আরও জানায়, ২০০৫ সালের ১৭ আগস্ট সাতক্ষীরার পুরাতন কোর্ট ও কালেক্টরেট চত্বরসহ মোট পাঁচটি স্থানে জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) সাতটি বোমার বিস্ফোরণ ঘটায়।
বোমা হামলার পরের দিন সাতক্ষীরা সদর থানার পুলিশ বাদি হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে ৩, ৪ ও ৬ ধারায় পৃথক পাঁচটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তের দায়িত্ব ২০০৫ সালের ২৩ আগস্ট সিআইডির কাছে হস্তান্তর করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা জোনের এএসপি মুন্সী আতিকুর রহমান দীর্ঘ তদন্ত শেষে তৃতীয় দফায় জেএমবির শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান, সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই, আতাউর রহমান সানিসহ ১৯ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।
মামলাগুলো বিচারের জন্য সাতক্ষীরার ১ নং বিশেষ ট্রাইবুনালে আসামিদের উপস্থিতিসহ অভিযোগ গঠনের জন্য দুবার দিন ধার্য্য হওয়া সত্ত্বেও গ্রেপ্তারকৃত শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই, সানি ও হাফেজ মাহমুদকে ট্রাইব্যুনালে হাজির না করায় অভিযোগ গঠন করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
সাতক্ষীরা জজকোটের এ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, পলাতক আসামিদের বিরুদ্ধে গেজেট নোটিফিকেশন জারি শেষে মামলাগুলো এক পর্যায়ে দ্রুত বিচারের জন্য খুলনার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনালে পাঠানো হয়। সেখানেও আসামিদের উপস্থিতি এবং অভিযোগ গঠনের শুনানির জন্য পর পর নয় বার দিন ধার্য্য করা হলেও আসামিদের খুলনা দ্রুত বিচার ট্রাইবুনালে হাজির না করায় জেলা ও দায়রা জজ মো. আব্দুস সামাদ এক আদেশে মামলাগুলো আবার সাতক্ষীরার ১ নং আদালতে ফেরত পাঠায়।
সূত্র জানায়, সাতক্ষীরার ১ নং বিশেষ ট্রাইবনালে মামলাগুলোর পরবর্তী কার্যক্রম গ্রহণ সম্ভব না হওয়ায় পুনরায় মামলাগুলো খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনালে ফেরত পাঠানো হতে পারে।
এ অবস্থায় সাতক্ষীরার সচেতন মহল শংকিত, মামলার বিচার কাজ শেষ হয়ে প্রকৃত দোষীরা শাস্তি পাবে তো?
