২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যান্সারে ব্যবহৃত ওষুধ ‘হারসেপটিন’ হৃদরোগের ঝুঁকি বাড়ায়

স্তন ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ হারসেপটিন হৃদরোগের জন্য ঝুঁকিপূর্ণ। সম্প্রতি এক গবেষণায় এই তথ্য পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2006, 02:36 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

একদল মার্কিন বিজ্ঞানী ১৭৩ জন স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীদের ওপর জরিপ চালিয়ে দেখতে পান, এই ওষুধ ব্যবহারে হৃদপিণ্ড অচল, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটে। বর্তমানে তাই হৃদরোগীদের এই হারসেপটিন ব্যবহার না করার জন্য তারা পরামর্শ দিয়েছেন।  হারসেপটিনকে অন্যভাবে ট্রাস্টুজুমাবও বলা হয়ে থাকে।

বিজ্ঞানীরা অবশ্য এ ব্যাপারে পরীক্ষা - নিরীক্ষার পরই এই পরামর্শ দেন।

স্তন ক্যান্সারের সর্বশেষ পর্যায়ে আক্রান্ত রোগীদের ওপর এই গবেষণা চালানো হয়। এদের প্রত্যেককেই এক বছর ধরে হারসেপটিন দেওয়া হয়। ৩২ মাস ধরে তাদের ওপর পরীক্ষা চালানো হয়। এদের মধ্যে ৪৯জন রোগীর হৃৎপিন্ডে সমস্যা দেখা দেয়। বাকি প্রায় সবারই বড় আকারে হৃদরোগে আক্রান্ত হতে দেখা যায়। হারসেপটিন বন্ধ করার পর ৪৯জনের মধ্যে ৪৬ জনেরই অবস্থার উন্নতি হয়।

ইংল্যান্ড ও ওয়েলসয়ের জাতীয় স্বাস্থ্য প্রতিষ্ঠান (এনআইসিই) অবশ্য প্রাথমিক পর্যায়ের স্তন ক্যান্সারের ক্ষেত্রে হারসেপটিন ব্যবহারে সমর্থন জানিয়েছে। স্কটল্যান্ডের জাতীয় স্বাস্থ্য প্রতিষ্ঠানে অবশ্য এই হারসেপটিন এর ব্যবহার হয়ে থাকে।

তবে টেক্সাসের এমডি এন্ডারসন সেন্টার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জানান, এই ওষুধ ব্যবহারে ঝুঁকি কতখানি তা খতিয়ে দেখা হয়নি।

শীর্ষ স্থানীয় এক স্তন ক্যান্সার বিশেষজ্ঞ ড. সারা রওলিংস বলেন, সব ধরনের ওষুধেরই উপকার ও পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। একারণে ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন রকম চিকিৎসা ব্যবস্থা উপযোগী। তবে বিশেষজ্ঞদের মত হলো, হৃৎপিন্ডে সমস্যা দেখা দেওয়ার পরও যে কোন সময়ই হারসেপটিন ব্যবহার বন্ধ করা যায় এবং এতে উপকার বৈ তো অপকার হয় না।