যশোরে সন্ত্রাসীদের বোমা হামলায় চিকিৎসক নিহত
যশোরের অভয়নগর উপজেলায় রোববার রাতে দুর্বৃত্তদের নিক্ষিপ্ত বোমায় নিহত হয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকরাম আলী মোল্লা।
নিজ বাসভবন থেকে সামান্য দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে কে বা কারা তাকে লক্ষ্য করে বোমা ছুঁড়ে মারে। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। তবে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) পরিচয় দিয়ে একজন এ হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করেছে।
জানা যায়, রাত সোয়া দশটার দিকে ডা. আকরাম বাসা থেকে বেরুনোর পরপরই মোটর সাইকেলে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে বোমা ছুঁড়ে মারে। স্থানীয়দের ধারণা, চাঁদাবাজির টাকা না পেয়ে সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
ডা. আকরাম প্রায় তিন বছর ধরে অভয়নগরে কর্মরত রয়েছেন। তার স্ত্রী ডা. নাসরিন সুলতানাও একই স্থানে কর্মরত। তাদের একটি মাত্র পুত্র সন্তান রয়েছে।
এদিকে রোববার রাতেই পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) নেতা পরিচয়ে জনৈক রাজিব আহমেদ সাংবাদিকদের জানান, ডা. আকরাম ক্লিনিক ব্যবসার আড়ালে নারী ব্যবসা ও স্মাগলিং করে প্রচুর কালো টাকা আয় করেছে। একইসাথে তিনি র্যাব - পুলিশের সহযোগী হিসেবে কাজ করে সামাজিক উৎপীড়কের ভূমিকায় অবতীর্ণ হন। এসব কারণে পার্টির বীর গেরিলারা এ শত্র“কে খতম করে জনগণের বিজয় ছিনিয়ে এনেছে। পার্টির পক্ষ থেকে তার কাছে ৬ লক্ষ টাকা দাবি করা হয় বলেও ওই ব্যক্তি জানান।
পুলিশের পক্ষ থেকে বোমা হামলায় ডা. আকরামের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। লাশ সোমবার সকাল ১০টা পর্যন্ত অভয়নগরেই ছিল।
