দিনাজপুরের সীমান্ত পথে হুন্ডির মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন
দিনাজপুরসহ উত্তরাঞ্চলে হুন্ডি ব্যবসা অত্যন্ত লাভজনক হওয়ায় এ অঞ্চলের কয়েকটি সীমান্ত পথে হুন্ডির মাধ্যমে অর্থ লেনদেন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। দেশীয় টাকার সাথে এখন ডলারও হুন্ডির মাধ্যমে লেনদেন হচ্ছে।
জেএমবির আত্মপ্রকাশ ও বোমাবাজির পর হুন্ডি ব্যবসা প্রতিরোধে ব্যাংকের মাধ্যমে অর্থ লেনদেনের ক্ষেত্রে সরকার কড়াকড়ি আরোপ করার পরও হুন্ডি বন্ধ করা যায়নি। বরং হুন্ডি ব্যবসার সাথে এখন ভারতীয় শক্তিশালী চক্র ও বাংলাদেশী বেশ কিছু এজেন্টদের সম্পৃক্ততা লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে যেকোন সময় বড় ধরনের নাশকতা ঘটে যেতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।
জানা গেছে, হুন্ডির মাধ্যমে লেনদেন রোধে বাংলাদেশ ব্যাংক মানি লন্ডারিং আইন কড়াকড়ি করায় বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সঠিক কারণ ব্যতীত এবং একাউন্টধারী গ্রাহক না হলে বড় অংকের ডিডি বা টিডি করা যাচ্ছে না। একইভাবে ব্যাংক একাউন্টে টাকা রাখার ক্ষেত্রে খোদ ব্যাংক কর্মকর্তারাই গ্রহকদের সাবধান করে দিচ্ছে। ফলে ব্যাংকের মাধ্যমে অর্থ আদান-প্রদান প্রায় বন্ধ হয়ে গেছে। একারণে সীমান্ত পথে সরাসরি হুন্ডির মাধ্যমে টাকা লেনদেন করা হচ্ছে।
একটি সূত্র জানায়, বিরামপুর, ফুলবাড়ী ও হিলি সীমান্ত দিয়ে প্রতিদিন কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে। আর হুন্ডি ব্যবসা অত্যন্ত লাভজনক হওয়ায় ভারতের একটি শক্তিশালী চক্র ও এর বাংলাদেশী এজেন্টরা এই ব্যবসাকেই আয়ের উৎস হিসেবে বেছে নিয়েছে।
স্থানীয়রা জানান, হুন্ডি ব্যবসায়ীরা বেকার যুবক ও যুবতীদের বেকারত্বকে পুঁজি করে নির্দিষ্ট অংকের টাকার বিনিময়ে সীমান্ত থেকে টাকা আনানেয়ার কাজে ব্যবহার করে থাকে। এ ব্যাপারে প্রযোজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি স্থানীয়রা আহবান জানিয়েছেন।
