২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারের যুব সমাজ মাদকের কবলে নিমজ্জিত

মাদকের কবলে পড়ে ধুঁকছে সাভারের যুব সমাজ। স্কুল--কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে রিক্সা চালকরাও এই মাদক নেশায় আসক্ত হয়ে পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2006, 12:28 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

স্থানীয়রা জানান, অনেক অভিভাবক তাদের সন্তানদের নেশার হাত থেকে রক্ষা করতে সাভারসহ রাজধানীর বিভিন্ন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করছেন। হেরোইন ও ফেন্সিডিল আসক্তরা অবশ্য চিকিৎসা শেষে পুনরায় এই মরণ নেশার দিকে ঝুঁকে পড়ছে।

নেশার টাকা যোগাড় করতে মাদকাসক্তরা অনেক সময় চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

অনুসন্ধানে জানা গেছে, সাভারের স্থানীয় কিছু মাদক ব্যবসায়ী দেশের বিভিন্ন স্থান থেকে ফেন্সিডিল এবং হেরোইন পাইকারি দরে কিনে এনে এখানে বিক্রি করে।

সাভার উপজেলার বাজার বাসস্ট্যান্ডের রাঙ্গাবন নার্সারি, মজিদপুর, ইমান্দিপুর, ছোটবলিমেহের, ব্যাংক কলোনী, আরাফাত রাইস মিল, আকরাইন, কমলাপুর, ফুলবাড়িয়া, হেমায়েতপুর, আমিন বাজারসহ শতাধিক স্থানে মাদকদ্রব্য অবাধে বেচাকেনা হচ্ছে। মাদকের খুচরা বিক্রেতারা হেরোইন প্রতি পুরিয়া ৫০ থেকে ১০০ টাকায় এবং ফেন্সিডিল প্রতি বোতল ২০০ থেকে ২৬০ টাকায় বিক্রি করে।

ঢাকা--আরিচা মহাসড়ক ও নবীনগর--কালিয়াকৈর সড়ক হয়ে নৈশকোচে ও মালবাহী ট্রাকে অভিনব পন্থায় ফেন্সিডিলের বড় বড় চালান প্রায়ই যশোর--বেনাপোল থেকে সাভারে আসে।

সাভার উপজেলায় চলতি বছরে প্রায় পাঁচ শতাধিক চুরি ও আট শতাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। যার অধিকাংশই মাদকাসক্তরা ঘটিয়েছে।

মাদকাসক্তদের অভিভাবকসহ স্থানীয়রা এই ব্যাপারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।