সিলেট সীমান্তে বন্দুকযুদ্ধ: বিএসএফকে দায়ী করে প্রকাশিত সংবাদে ভারতীয় হাইকমিশনের উদ্বেগ
সিলেটের জকিগঞ্জ সীমান্তে ১০ আগস্ট বিডিআর ও বিএসএফের মধ্যকার বন্দুকযুদ্ধের ঘটনায় বাংলাদেশের সংবাদমাধ্যমে বিএসএফকে দায়ী করে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে তাতে শুক্রবার উদ্বেগ প্রকাশ করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।
বাংলাদেশের বিভিন্ন মাধ্যমে প্রকাশিত সংবাদকে একতরফা এবং অসত্য বলে উল্লেখ করে ভারতীয় হাইকমিশন শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বন্দুকযুদ্ধের জন্য বিডিআর দায়ী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুরমা নদীর দক্ষিণ তীরবর্তী কিনোখাল এবং হরিনগর বিএসএফ ফাঁড়ি বরাবর প্রায় ২২০ একর ভূমিতে বাংলাদেশের দখল প্রতিষ্ঠা এবং অনুপ্রবেশ প্রচেষ্টার কারণে যুদ্ধের সূত্রপাত হয়।
ভারতীয় ভূখণ্ডে দু পক্ষের মধ্যে মর্টার শেল নিক্ষেপের ঘটনায় বিডিআরকে অভিযুক্ত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিডিআর ৩৮ ব্যাটালিয়ন আমালসিড ও উত্তরকুল বিওপি থেকে বিএসএফের হরিনগর ও কিনোখাল বিওপি লক্ষ করে বিনা উষ্কানিতে ব্যাপক গুলি চালায়।
হাইকমিশনের অভিযোগ, গুলি চলাকালে দুই ভারতীয় নারী ও এক শিশুসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়।
ভারতীয় নাগরিক আহত হওয়ায় এবং বিডিআরের উষ্কানিমূলক আচরণের কারণে বিএসএফ সদস্যরা পাল্টা গুলি চালায় বলে হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়।
