শীর্ষ সন্ত্রাসী শাহাদতের ঘনিষ্ঠ সহযোগী বাদল পুলিশের হাতে গ্রেপ্তার
গোয়েন্দা পুলিশ (ডিবি) বুধবার মিরপুরের কুখ্যাত সন্ত্রাসী শাহাদতের ঘনিষ্ঠ সহযোগী মোখলেসুর রহমান ওরফে বাদলকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার পুলিশ এ খবর জানিয়েছে।
গ্রেপ্তারকৃত বাদল নগরীর মিরপুরের ৮ নং ওয়ার্ড কমিশনার সাইদুর রহমান নিউটন হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামী।
এছাড়া সে ওয়ার্ড কমিশনার মিস্টার, রিপন, বিপ্লব এবং ব্যবসায়ী শহীদুল্লাহ ও আফতাবসহ একাধিক হত্যা মামলার আসামী।
পুলিশ জানায়, বাদল ও তার সহযোগীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালনের নামে আমন্ত্রণপত্র ছাপিয়ে বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠান ও এলাকাবাসীর কাছ থেকে চাঁদা আদায় করছিলো।
ওই আমন্ত্রণপত্রে শীর্ষ সন্ত্রাসী শাহদতকে বাংলাদেশ ছাত্রলীগ মিরপুর থানা শাখার সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করা হয় বলেও পুলিশ জানায়।
একটি শক্তিশালী মাফিয়া সিন্ডিকেট পরিচালনার অভিযোগে নগরীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী শাহদতকে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা খুঁজছে।
