২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শর্ত প্রত্যাহারের দাবিতে শিক্ষকদের আরো কয়েকটি সংগঠনের আল্টিমেটাম

শিক্ষা প্রতিষ্ঠানের আয় সরকারি কোষাগারে জমা দেওয়ার শর্ত প্রত্যাহার করে ১০ শতাংশ বর্ধিত বেতন দেওয়ার দাবিতে আরো কয়েকটি শিক্ষক সংগঠন সরকারকে আল্টিমেটাম দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2006, 08:08 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

কেন্দ্রীয় শহীদ মিনারে বুধবার শিক্ষক - কর্মচারী ঐক্য পরিষদের মহাসমাবেশ থেকে শর্ত প্রত্যাহারের জন্য পাঁচদিনের এই আল্টিমেটাম দেওয়া হয়। এ  অনুযায়ী ১৫ আগস্টের মধ্যে শর্ত প্রত্যাহার করে বর্ধিত বেতন প্রদানের ঘোষণা দেওয়া না হলে শিক্ষকরা কঠোর কর্মসূচি  ঘোষণা করবেন।

এ ছাড়া দাবি পূরণ না হওয়া পর্যন্ত ১০ আগস্ট থেকে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন, শিক্ষক - কর্মচারিদের কালো ব্যাজ ধারণ, প্রতিষ্ঠানের আয় সরকারি কোষাগারে জমা দেওয়া সম্পর্কে অভিভাবক এবং স্থানীয় জনগণের সাথে মতবিনিময়, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসকের কার্যালয়ে দু ঘন্টা অবস্থান ধর্মঘট ইত্যাদি কর্মসূচি নেওয়া হয়।

সমাবেশে শিক্ষকরা বলেন, সরকার আমাদের অন্যান্য দাবি চিকিৎসা ভাতা, বার্ষিক প্রবৃদ্ধি, বাড়ি ভাড়া এবং অন্যান্য দাবি পূরণ না করে চরম প্রতারণা করেছে। সরকারি শিক্ষকদের ন্যায় বার্ষিক প্রবৃদ্ধিসহ অন্যান্য দাবি পূরণ করা হলে অর্থাৎ শিক্ষা জাতীয়করণ করা হলেই আমরা শিক্ষা প্রতিষ্ঠানের আয় সরকারি কোষাগারে জমা দিতে প্রস্তুত।

সমাবেশ শেষে শিক্ষকরা শিক্ষা মন্ত্রণালয়ের দিকে যেতে চাইলে দোয়েল চত্বরের সামনে পুলিশ তাদের বাধা দেয়।

অন্যদিকে শর্ত প্রত্যাহার করে ১০ শতাংশ বর্ধিত বেতন দেওয়ার জন্য সরকারের প্রতি জাতীয় শিক্ষক -- কর্মচারি ফ্রন্টের ৪৮ ঘন্টার আল্টিমেটাম বৃহস্পতিবার বিকাল ৫ টায় শেষ হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে শিক্ষক নেতারা জানিয়েছেন।

এ ছাড়া জাতীয় স্কাউট ভবনে শিক্ষক - কর্মচারি ঐক্যজোটের এক সভায় সংগঠনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বলেন, বেসরকারি শিক্ষক - কর্মচারিদের ১০০ ভাগ বেতন প্রদান করতে ছাত্র বেতন দেওয়া হবে না। সরকারকে ছাত্রবেতন নিতে হলে বেসরকারি শিক্ষক - কর্মচারিদের চাকরি জাতীয়করণ করতে হবে।

রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বুধবার শিক্ষক - কর্মচারি সমন্বয় পরিষদ এক সংবাদ সম্মেলনে ওই শর্ত প্রত্যাহার করার জন্য সরকারকে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের মহাসচিব শেখ আব্দুস সালাম।

অন্যদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে কমিউনিটি প্রাথমিক শিক্ষক সমিতি চাকরি জাতীয়করণের দাবিতে কাফনের কাপড় পরে অবস্থান ধর্মঘট কর্মসূচির চতুর্থ দিন অতিবাহিত করেছে। তারা বৃহস্পতিবার বিকালে ওই এলাকার সড়কে অবস্থান ধর্মঘট করবে।

কমিউনিটি শিক্ষকদের পাঁচজন অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।