২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তঃনদী ইস্যুতে নদী কমিশন গঠনে বিশেষজ্ঞদের সমর্থন দিলেন মান্নান ভূঁইয়া

বাংলাদেশ, ভারত, চীন, নেপাল, ও ভূটানকে নিয়ে গঙ্গা নদী কমিশন অথবা ব্রহ্মপুত্র নদী কর্তৃপক্ষ গঠনের মাধ্যমে অভিন্ন নদীবাহিত দেশগুলো আন্তর্জাতিক পানিবন্টন সমস্যার সমাধানে এগিয়ে আসতে পারে। বিশেষজ্ঞদের সাথে একমত পোষণ করে বুধবার এ কথা বললেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2006, 06:03 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

রাজধানীতে অনুষ্ঠিত এক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মান্নান ভূঁইয়া এক্ষেত্রে সফল উদাহরণ হিসেবে দানিয়ুব নদী কমিশন, নীলনদ অববাহিকা চুক্তি এবং সাম্প্রতিক মেকং অববাহিকা চুক্তির উদাহরণ তুলে ধরেন।

চুক্তিগুলো অববাহিকা অনুযায়ী আন্তঃসীমান্ত পানিসম্পদের উন্নততর ব্যবস্থাপনা নিশ্চিত করেছে বলে মান্নান ভূঁইয়া জানান।

আন্তর্জাতিক ফারাক্কা কমিটি (আইএফসি) এবং আইএফসি বাংলাদেশ ‘আন্তঃসীমান্ত পানি ইস্যু: দক্ষিণ এশীয় সহযোগিতা’ শীর্ষক এই আন্তর্জাতিক সম্মেলনে ভারত, নেপাল, জাপান ও বাংলাদেশের কয়েকজন বিশেষজ্ঞ অংশ নেন।

মান্নান ভুঁইয়া বলেন, হিমালয় থেকে উৎপন্ন ব্রহ্মপুত্র নদের গতিপথ পাল্টে দিতে প্রতিবেশী দেশের প্রস্তাবিত একটি নদীসংযোগ প্রকল্প বর্তমানে বাংলাদেশের পরিবেশের জন্য হুমকি সৃষ্টি করছে। কেননা ব্রহ্মপুত্র নদই বাংলাদেশের বহির্ভাগের পানি সম্পদের অন্যতম যোগানদার।

মন্ত্রী বলেন, সমস্যা আমরা সৃষ্টি করিনি, কিন্তু আমাদের জনগণ সমস্যার শিকার হচ্ছে। বাংলাদেশ একা এ সমস্যার সমাধান করতে পারবে না। তাই এক্ষেত্রে আঞ্চলিক ও বৈশ্বিক উদ্যোগ জরুরি।

আইএফসি’র ঊর্ধ্বতন সহ-সভাপতি মোহাম্মদ সালেহর সভাপতিত্বে অধিবেশনের সমন্বয়কারী ছিলেন ডেইলি নিউ নেশন পত্রিকার সম্পাদক মোস্তফা কামাল মজুমদার।

অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিয়া বলেন, বাংলাদেশ বৃহত্তর নদী অববাহিকার সবচেয়ে ভাটি অবস্থানের দেশ হওয়ায় নদীর উজানের ওপর বাংলাদেশের কোনও নিয়ন্ত্রণ নেই।

তিনি জানান, বাংলাদেশ কেবল বন্যার পানির ধারক হিসেবেই কাজ করে এবং প্রায়শঃই প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়। এক্ষেত্রে আঞ্চলিকভাবে এগিয়ে আসা ছাড়া আর এ সমস্যা সমাধানের আর কোনও উপায় নেই।

আইএফসির মহাসচিব সৈয়দ টিপু সুলতান বলেন, তাদের এ প্রচারণার উদ্দেশ্য হচ্ছে একই নদী উপকূলবর্তী চীন, ভারত, নেপাল, ভূটান এবং বাংলাদেশের পানিসম্পদের জন্য বিশেষ করে ব্রহ্মপুত্র নদের ব্যাপারে আন্তঃজাতি নদী কমিশন গঠনে সংশ্লিষ্ট দেশগুলোকে অনুপ্রাণিত করা।