২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে যাত্রীবাহী বাসে ডাকাতি, ২ লাখ টাকার মালামাল লুট

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে মধুমতি মডেল টাউনের সামনে রোববার রাতে একটি যাত্রীবাহী বাসে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2006, 05:40 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

ডাকাতরা যাত্রীদের কাছ থেকে নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুটের পর অপেক্ষমান একটি ট্রলারযোগে পালিয়ে যায়। এসময় টহল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও যাত্রীদের চিৎকারেও তারা এগিয়ে আসেনি বলে অনেক যাত্রী অভিযোগ করেছেন।

যাত্রীরা জানান, রাজধানীর ফুলবাড়ীয়া থেকে একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-জ-০৪-০৯৯৩) ৩২ জন যাত্রী নিয়ে ধামরাইয়ের উদ্দেশ্যে ছেড়ে আসে। রাত সাড়ে ১০ টার দিকে বাসটি সাভার বালিয়ারপুর পৌঁছালে চালক এর গতি কমিয়ে দেয়। এসময় বাসে থাকা যাত্রীবেশী ৭/৮জন ডাকাত অস্ত্রের মুখে বাসের যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোনসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করে নেয়। তারা মধুমতি মডেল টাউনের সামনে ভাকুর্তা সেতুর কাছে নেমে অপেক্ষমান একটি ট্রলারে উঠে ভাকুর্তার দিকে পালিয়ে যায়।

যাত্রীরা অভিযোগ করেন, ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় সাভার থানার তিন টহল পুলিশকে দেখে তারা চিৎকার করে ডাকাতদের ধরতে বললেও পুলিশ নিষ্ক্রিয় থাকে। ডাকাতির ঘটনায় পুলিশ এবং বাসের চালক জড়িত রয়েছে বলে তারা অভিযোগ করেন।

এদিকে ডাকাতির পর কৌশলে বাসের চালক পালিয়ে গেলেও ক্ষুব্ধ যাত্রীরা বাসটি আটক করে রাখে।

এ ঘটনায় কোন মামলা হয়নি।