কর্ণফুলি নদীর ওপর পিলার সেতু নির্মাণে নিষেধাজ্ঞা চেয়ে দায়ের করা মামলা হাইকোর্টে খারিজ
কর্ণফুলি নদীর ওপর পিলার সেতু নির্মাণের ওপর নিষেধাজ্ঞা চেয়ে জনস্বার্থে দায়ের করা মামলাটি হাইকোর্ট সরাসরি খারিজ করে দিয়েছেন।
বিচারপতি জয়নুল আবেদীন এবং বিচারপতি মাশুক হোসেন আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ নির্দেশ দেন। ব্যারিস্টার ইমতিয়াজউদ্দিন আহমেদ আসিফ জনস্বার্থে এ রিট মামলা দায়ের করেছিলেন।
আদালত তার আদেশে বলেন, কর্ণফুলি নদীর ওপর পিলার সেতু তৈরি করা হলে নদীর নাব্যতা নষ্ট হবে -এ বিষয়টি বিতর্কিত। রিট মামলায় বিতর্কিত বিষয় নিষ্পত্তি করা যায় না।
মামলার শুনানিতে আবেদনকারীর পক্ষে ড. এম জহির বলেছিলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সহ দেশের অন্যান্য বিশেষ প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের মতে কর্ণফুলি নদীর উপর পিলার সেতু বানানো হলে এর নাব্যতা নষ্ট হবে। এ সেতু নির্মাণের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হয়নি বলেও ড. জহির আদালতে অভিযোগ করেন।
রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী কর্ণফুলি সেতু নিয়ে রিট মামলা দায়ের প্রসঙ্গে বলেন, এক্ষেত্রে জনস্বার্থে মামলাই চলতে পারে না। এখন জনস্বার্থে রিট করাটা একটা ‘ফ্যাশন’ হয়ে দাঁড়িয়েছে বলেও অ্যাটর্নি জেনারেল আদালতে মন্তব্য করেন।
বাদীপক্ষের আইনজীবীরা অবশ্য জানিয়েছেন, হাইকোর্টে নাকচ হয়ে গেলেও আবেদনটি নিয়ে তারা উচ্চতর আদালতে যাবেন।
