বেসরকারি শিক্ষক কর্মচারিদের বেতন ১০০ ভাগ করার দাবি মানতে হলো সরকারকে: তবে অন্য দাবিতে আন্দোলন চলবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন শিক্ষক নেতারা
সরকার অবশেষে বেসরকারি শিক্ষক কর্মচারিদের বেতন ১০০ ভাগে উন্নীত করার মূল দাবি মেনে নিতে বাধ্য হয়েছে। বেতন - ভাতা বৃদ্ধিসহ নানা দাবিতে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের অনমনীয় ধর্মঘটের ফলে সারাদেশের শিক্ষা ব্যবস্থা অচল হয়ে পড়ে।
এর পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রী ড. ওসমান ফারুক রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সরকারের এই দাবি মেনে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তবে আন্দোলনরত শিক্ষক কর্মচারি সংগঠনের নেতারা বলছেন, তাদের অন্যান্য দাবি মেনে না নেওয়ায় আন্দোলন অব্যাহত থাকবে।
শিক্ষামন্ত্রী জানান, বেসরকারি শিক্ষক -- কর্মচারিদের মূল দাবি হচ্ছে তাদের বেতন ৯০ শতাংশ থেকে ১০ শতাংশ বাড়িয়ে ১০০ ভাগে উন্নীত করা। এরই পরিপ্রেক্ষিতে শিক্ষক কর্মচারি নেতাদের সঙ্গে আলাপ - আলোচনার ভিত্তিতে সরকার তাদের এই দাবিটি মেনে নিয়েছে। অবিলম্বে এই দাবি কার্যকর করা হবে।
তিনি আরও জানান, প্রাথমিক পর্যায়ে পাঁচ শতাংশ বেতন বৃদ্ধি করে তা নগদ অর্থে পরিশোধ করা হবে। সরকারের কাছে এই মুহূর্তে যথেষ্ট নগদ অর্থ না থাকায় বাকি পাঁচ শতাংশ অর্থ পরিশোধ করা হবে বন্ডের মাধ্যমে। সরকারি কোষাগারে অর্থ জমা হলে শিক্ষক কর্মচারিরা এসব বন্ড ভাঙাতে পারবেন।
বেসরকারি শিক্ষক কর্মচারি ফ্রন্ট ছাড়াও শিক্ষক কর্মচারি ঐক্য জোট, বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি (মনসুর), কারিগরি কলেজ শিক্ষক সমিতির প্রায় ২৫ হাজার শিক্ষক কর্মচারি দীর্ঘদিন ধরে বেতন ১০০ ভাগ করাসহ বিভিন্ন দাবিতে শিক্ষা ধর্মঘট, অনশন, মন্ত্রী -- সাংসদদের বাসভবন ঘেরাও, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছে।
এদিকে শিক্ষক কর্মচারি ঐক্যজোট (সেলিম ভূঁইয়া) রোববারই মুক্তাঙ্গনে বিশাল সমাবেশ করে এবং ঐক্যজোটের অপর অংশ (শরিফুল) কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করে মহাঅবস্থান কর্মসূচির।
জাতীয় শিক্ষক -- কর্মচারি ফ্রন্টের প্রধান আহ্বায়ক অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ বিডিনিউজকে বলেন, সরকার যে পাঁচ শতাংশ বেতন বন্ডের মাধ্যমে পরিশোধ করার কথা বলছে তা মূলত শিক্ষকদের সাথে প্রতারণা করা। কারণ এ সরকার তা পূরণ করতে পারবে না। এ ছাড়াও তিনি বাড়িভাড়া এবং চিকিৎসা ভাতার কথা উল্লেখ করে বলেন, এগুলো প্রধান দাবি হলেও তা পূরণ করা হয়নি।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুল হক বিডিনিউজকে বলেন, সরকার প্রতিশ্র“তি ভঙ্গ করেছে। তারা শিক্ষকদের ন্যায্য দাবি পূরণে আন্তরিক নয়। ১০০ ভাগ বেতনের ঘোষণা দেওয়া হলেও বাড়ি ভাড়া, মেডিকেল ইনক্রিমেন্টসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দাবি তারা এড়িয়ে গেছে। তাই এগুলো মেনে না নেওয়া পর্যন্ত শিক্ষা ধর্মঘট অব্যাহত থাকবে।
শিক্ষক কর্মচারি ঐক্য ফ্রন্ট এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী কর্মসূচি নির্ধারণের জন্য ৮ আগস্ট জেলা প্রতিনিধিদের জরুরি প্রতিনিধি সভা আহ্বান করা হয়েছে।
