আওয়ামী লীগ গণতন্ত্র চায় না, তাই তারা ক্ষমতায় এলে জাতি পিছিয়ে যাবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শনিবার বলেছেন, আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে ধ্বংস করছে। তারা জাতির উন্নয়ন চায় না। হরতাল ডেকে জনগণের সম্পত্তি ধ্বংস করছে।
প্রধানমন্ত্রী লালমনিরহাট কালেকটরেট মাঠে শনিবার বিকেল ৫টায় এক বিশাল জনসভায় এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন, শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার দলকে আবারো ভোট দিয়ে ক্ষমতায় আনতে জনগণের প্রতি আহ্বান জানান।
তিনি বিরোধী দলের কঠোর সমালোচনা করে বলেন, তারা যখন ক্ষমতায় ছিল তখন তারা দেশকে সন্ত্রাসী গডফাদারদের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। শিক্ষা ব্যবস্থায় নকল উন্মুক্ত করে দিয়েছিল।
প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল দেশকে অচল করে দিতে চায়। তারা চায় না আমরা নিজেদের পায়ে দাঁড়াই।
তিনি অভিযোগ করে বলেন, ১৪ দল তত্ত্বাবধায়ক সরকার সংস্কারের নামে আগামী সাধারণ নির্বাচন বানচাল করতে চায়।
তিনি বলেন, বিএনপি আবার ক্ষমতায় এলে মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত অবৈতনিক করা হবে।
বিএনপি চেয়ারপারসন আরো বলেন, লালমনিরহাটে দুলুর কোনো বিকল্প নেই। আপনারা আবারো তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত থাকবে।
তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র চায় না, তাই তারা ক্ষমতায় এলে জাতি পিছিয়ে যাবে।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপমন্ত্রী এবং লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, সমাজ কল্যাণ মন্ত্রী আলী আহসান মুজাহিদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান, রাজশাহী সিটি মেয়র মিজানুর রহমান মিনু প্রমুখ।
