ডুলাহাজরা সাফারি পার্কে দুর্লভ প্রজাতির কয়েকশ’ কচ্ছপের মৃত্যু
চট্টগ্রামের ডুলহাজরা সাফারি পার্কে শুক্রবার দূর্লভ প্রজাতির কয়েকশ’ তারকা খচিত কচ্ছপের মৃত্যু হয়েছে। মাত্র একদিন আগে ওই কচ্ছপগুলো পার্কে ছাড়া হয়।
পার্কের কর্মকর্তাদের অবহেলার কারণে কচ্ছপগুলোর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পার্কের কর্মকর্তারা মৃত কচ্ছপের সংখ্যা ২শ’ বলে দাবী করলেও পার্কের তত্ত্বাবধায়ক এ সংখ্যা প্রায় ৫শ’ বলে জানিয়েছেন।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও পরিবেশ রক্ষা বিভাগ বৃহস্পতিবার দেশের একমাত্র এই সাফারি পার্কে সর্বমোট ১ হাজার ৬শ’টি দূর্লভ প্রজাতির কচ্ছপ অবমুক্ত করে।
ভারতের উপকূলীয় একটি অঞ্চল থেকে বাংলাদেশে পাচার হওয়ার সময় ৩১ জুলাই রাজশাহীর বোয়ালিয়া থানা পুলিশ বিপুলসংখ্যক ওই কচ্ছপ আটক করে।
পার্কের প্রকল্প পরিচালক ড. তপন কুমার দে রাজশাহী থেকে ওই কচ্ছপগুলো নিয়ে এসে পার্কে অবমুক্ত করেন। পরিবহন কাজে বিলম্বের কারণে প্রায় ২শ’ কচ্ছপের মৃত্যু হয় বলে তিনি স্বীকার করেন।
তিনি শনিবার বিডিনিউজকে বলেন, বিডিআর থেকে পুলিশ, পুুলিশ থেকে কাস্টমস এবং কাস্টমস থেকে বনবিভাগসহ বিভিন্ন স্থানে স্থানান্তরের ফলে কচ্ছপগুলোর মৃত্যু হয়েছে।
বাংলাদেশে বর্তমানে ২৭ প্রজাতির কচ্ছপ পাওয়া যায়। এই প্রজাতিগুলো আর্ন্তজাতিক পরিবেশ রক্ষা ইউনিয়ন (আইউসিএন) এর তথ্য বইতে তালিকাভূক্ত রয়েছে।
তারকা খচিত এই কচ্ছপের বৈজ্ঞানিক নাম জিওসিলন অ্যালিগেন্স এবং এগুলো দৈর্ঘ্যে ২শ’ ৮০ মিলিমিটার ও প্রায় ২ কেজি ওজনের হয়ে থাকে। বর্তমানে ভারতের বিভিন্ন উপকূলীয় রাজ্যে এ প্রজাতির কচ্ছপ পাওয়া যায়।
