২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ৯ লাখ টাকা ছিনতাই, ২ জন আহত

রাজধানীর গুলশান এলাকায় শনিবার একদল দুর্বৃত্ত প্রকাশ্যে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ব্যাংকে টাকা জমা দিতে আসা দুজনের কাছ থেকে নয় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। এসময় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে ওই দুজন আহত হন। তাদেরকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2006, 07:24 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

সূত্র জানায়, গুলশানের আলামা মার্কেটে অবস্থিত গুলশান ট্রেডিং সেন্টারের ১১ জন কর্মচারী নিজেদের মধ্যে ৩২ লাখ টাকা ভাগ করে নিয়ে গুলশান ২ এর প্রিমিয়ার ব্যাংক শাখায় জমা দিতে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলশান - ২ এলাকার প্রিমিয়ার ব্যাংকের শাখার সামনে ছিনতাইকারীদের ৫ - ৬ জনের একটি দল বেলা ১১ টার দিকে বোমা বিস্ফোরণ ঘটায়। এতে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছিনতাইকারীরা এসময় ধারালো অস্ত্র নিয়ে ব্যাংকে টাকা জমা দিতে আসা দুজনের ওপর হামলা চালায় এবং তাদের কাছ থেকে ৯ লাখ টাকা নিয়ে যায়। অপর নয়জন বাকি টাকাসহ প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে যায়।

আহতরা হচ্ছেন ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার আহসানুল্লাহ (২৬) এবং পিয়ন রফিকুল ইসলাম (৩০)। তাদের অবস্থা আশঙ্কাজনক। 

গুলশান থানা পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল থেকে আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ আরও জানায়, তারা ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ফেলে যাওয়া আরও দুটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করে। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোন মামলাও হয়নি।

এদিকে রাজধানীর শেওড়াপাড়া এলাকায় শনিবার সকালে দুর্বৃত্তরা এক নিরাপত্তাকর্মীকে গুলি করে আহত করেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত নিরাপত্তাকর্মীর নাম খোরশেদ আলম (৫০)। মীরপুর থানা ২১৭ শেওড়াপাড়ায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করে।

মিরপুর থানা পুলিশ জানায়, নিরাপত্তা কর্মীকে গুলি করার কারণ জানা যায়নি। এ ঘটনায় কোন মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তারও করা হয়নি।