২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ৯ লাখ টাকা ছিনতাই, ২জন আহত

রাজধানীর গুলশান এলাকায় শনিবার একদল দুর্বৃত্ত প্রকাশ্যে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ব্যাংকে টাকা জমা দিতে আসা দুজনের কাছ থেকে নয় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2006, 04:53 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

এসময় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে ওই দুজন আহত হন। তাদেরকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলশান - ২ এলাকার প্রিমিয়ার ব্যাংকের শাখার সামনে ছিনতাইকারীদের ৫ - ৬ জনের একটি দল বেলা ১১ টার দিকে বোমা বিস্ফোরণ ঘটায়। ফলে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছিনতাইকারীরা ধারালো অস্ত্র নিয়ে ব্যাংকে টাকা জমা দিতে  আসা ওই দুজনের ওপর হামলা চালায় এবং টাকা নিয়ে দৌড়ে পালিয়ে যায়।

দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে আহতরা হচ্ছেন রফিকুল ইসলাম (৩০) এবং আহসানুল্লাহ (৩২)।

গুলশান থানা পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল থেকে আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ আরও জানায়, তারা ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ফেলে যাওয়া আরও দুটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোন মামলাও হয়নি। পুলিশ এদিকে রাজধানীর শেওড়াপাড়া এলাকায় শনিবার সকালে দুর্বৃত্তরা এক নিরাপত্তাকর্মীকে গুলি করে আহত করেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত নিরাপত্তা কর্মীর নাম খোরশেদ আলম (৫০)।

মিরপুর থানা পুলিশ জানায়, নিারপত্তা কর্মীকে গুলি করার কারণ জানা যায়নি। এ ঘটনায় কোন মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তারও করা হয়নি।