২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্বায়ত্বশাসনের দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা

প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সামগ্রিক শিক্ষা ব্যবস্থা এখন দলীয়করণের কারণে অচল। শিক্ষাব্যবস্থার অচলাবস্থার কারণে দেশও অচল হয়ে পড়েছে। তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্বায়ত্তশাসনের দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা। তারা শিক্ষকদের সম্পর্কে শিক্ষামন্ত্রীর অশোভন আচরণেরও তীব্র নিন্দা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2006, 03:29 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় শিক্ষক - কর্মচারি ফ্রন্ট আয়োজিত চলমান শিক্ষক আন্দোলন, শিক্ষকদের অভিন্ন সমস্যা, প্রত্যাশা ও অবস্থান নিয়ে স্কুল - কলেজ - মাদ্রাসা - কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান -বিশ্ব¦বিদ্যালয় শিক্ষক প্রতিনিধিদের এক মতবিনিময় সভায় তারা এ কথা বলেন।

জাতীয় শিক্ষক-কর্মচারি ফ্রন্টের প্রধান আহ্বায়ক অধ্যক্ষ কাজী ফারুক আহমেদের সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন কমিউনিটি প্রাথমিক শিক্ষক সমিতির মহাসচিব হাবিবুল আহসান, বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির একাংশের মহাসচিব মনসুর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আখতারুজ্জামান, কারিগরি কলেজ শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার, পলিটেকনিক শিক্ষক সমিতির সভাপতি শামসুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, পৃথকভাবে নয় বরং ঐক্যবদ্ধভাবে শিক্ষকদের দাবি আদায়ে আন্দোলন করতে হবে। বক্তারা জানান, বিভিন্ন সংগঠনের সাথে সরকারের পক্ষ থেকে পৃথকভাবে দেখা করা হলেও তাদের দাবি মেনে নেওয়া হয়নি। ফলে শিক্ষক সংগঠনগুলো এখন আরো কঠোর কর্মসূচি হাতে নিতে বাধ্য হচ্ছে। সবার জন্য শিক্ষা বাধ্যতামূলক করার কথা বলা হলেও প্রকৃতপক্ষে সে ব্যাপারে সহায়তা করছে না সরকার। তাদের মুখে এক, কাজে আরেক।

অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দ্কি জাতীয় শিক্ষক-কর্মচারি ফ্রন্ট নেতৃবৃন্দকে শিক্ষক আন্দোলনের প্রকৃতি পর্যবেক্ষণের জন্য একটি কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন। এ কমিটির মাধ্যমে শিক্ষকদের দাবি-দাওয়া ও সরকারের সাথে আলোচনা পর্যবেক্ষন করা হবে।