নতুন দিল্লিতে ৮ আগস্ট শুরু হচ্ছে বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠক
নতুন দিল্লিতে দু দিনব্যাপী বিমসটেক দেশের পররাষ্ট্র মন্ত্রীদের নবম বৈঠক ৮ আগস্ট থেকে শুরু হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক বঙ্গোপসাগরীয় বহুমুখী উদ্যোগের (বিমসটেক) জন্য স্থায়ী সচিবালয় প্রতিষ্ঠার ব্যাপারে বৈঠকে আলোচনা হবে।
বৈঠকে মন্ত্রীরা বিমসটেকের অবাধ বাণিজ্য চুক্তি (এফটিএ) চূড়ান্ত করার ব্যাপারেও আলোচনা করবেন। ২০০৬ সালের ১ জুলাই থেকে এফটিএ কার্যকর যে তারিখ ছিল তা সংশোধন করে তারা একটি নতুন তারিখ নির্ধারণ করবেন।
এছাড়া নতুন দিল্লিতে বিমসটেকের জ্বালানি কেন্দ্র স্থাপনের বিষয়ে ভারতের প্রস্তাব এবং মাল্টি- মডেল টান্সপোর্ট রিপোর্ট নিয়েও বৈঠকে আলোচনা হবে।
এদিকে বিমসটেকের পররাষ্ট্র সচিবদের নিয়ে গঠিত বাণিজ্য আলোচনা কমিটি অর্থনীতি ও বাণিজ্য কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠকের ব্যাপারে নতুন তারিখের প্রস্তাব রাখবেন।
অর্থনীতি ও বাণিজ্য কর্মকর্তাদের নিয়ে এ বৈঠক আগামী একমাসের মধ্যে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা। বিমসটেকের শীর্ষস্থানীয় কৌশলগত কমিটি ব্যাংকক ওয়ার্কিং গ্রুপ বৈঠকের নতুন তারিখ নির্ধারণ করবে বলে সূত্র জানিয়েছে।
