চাঁপাইনবাবগঞ্জে ২ বছরের শিশুকে চুরি করতে গিয়ে গণপিটুনীতে চোর নিহত
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নের চন্দনা গ্রামে দুই বছরের একটি শিশুকে চুরি করতে গিয়ে হাতে - নাতে ধরা পড়ে গণপিটুনীতে এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ শুক্রবার এ কথা জানায়।
নিহতের নাম মুনিরুল ইসলাম (২৮)। তিনি একই উপজেলার ফতেপুর গ্রামের ফেলু মোহাম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১ টার দিকে চন্দনা গ্রামের রাকিবুলের দুই বছরের ঘুমন্ত ছেলেকে মুনিরুল ইসলাম ও তার অপর এক সহযোগী চুরি করে নিয়ে যাচ্ছিল। টের পেয়ে শিশুটির বাবা - মা চিৎকার দিলে স্থানীয় লোকজন মুনিরুলকে হাতেনাতে ধরলেও তার সহযোগী পালিয়ে যায়।
উত্তেজিত জনতা মুনিরুলকে ধরে ব্যাপক মারধর করে। শুক্রবার সকালে স্থানীয় এক ইউপি সদস্য আহম্মদ আলীর সহযোগিতায় গুরুতর আহত মনিরুলকে মুমুর্ষ অবস্থায় নাচোল স্বাস্থ্য কমপে¬ক্সে আনার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহতের দুই পায়ে এবং হাতে আঘাতের দাগ আছে বলে পুলিশের সুরতহাল রিপোর্টে উল্লেখ করা হয়। শুক্রবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
এ ব্যাপারে নিহতের ভাই আনারুল ইসলাম বাদি হয়ে নাচোল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
