২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদীচী হত্যা মামলার পুনঃতদন্ত ও বিচার দাবি

‘ওরা রক্ত দিয়ে শিখিয়ে গিয়েছে রক্তের প্রতিশোধ রক্ত দিয়েই নিতে হয় ’ বৃহস্পতিবার পড়ন্ত বিকেলে এ প্রতিবাদী গানের সুরে সুরেই উদীচী হত্যা মামলার পুন:তদন্ত ও বিচার দাবি করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2006, 10:10 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে উদীচী হত্যা মামলার পুন:তদন্ত ও বিচার আন্দোলন কমিটি আয়োজিত এক প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা এ দাবি জানান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্দোলন কমিটির আহ্বায়ক সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উদীচীর সাধারণ সম্পাদক মাহমুদ সেলিম, প্রকৌশলী মো. শহীদুল্লাহ, যশোর উদীচী শাখার সভাপতি রুহুল হক খোকা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ হত্যা মামলার আসামীরা যেভাবে পার পেয়ে যাচ্ছে তাতে বোঝা যায় বিচারের বাণী নির্ভৃতে কাঁদে। এর মাধ্যমে বোঝা যায় এর পেছনে সুপরিকল্পিত চক্রান্ত রয়েছে। তারা আরও বলেন, এ বিচার প্রক্রিয়ায় তারা বিচারকদের উপর আস্থা হারিয়ে ফেলেছেন।

ক্রান্তি শিল্পী গোষ্ঠী, ঋষিজ শিল্পী গোষ্ঠী অনুষ্ঠানে গান পরিবেশন করে। কবিতা আবৃত্তি করেন হাসান আরিফ, ঝর্না সরকার, নীনা, আকরামউল্লাহ প্রমুখ। গণসঙ্গীত পরিবেশন করেন আলাওল হক। 

যশোর উদীচী হত্যা মামলার রায়ের বিরুদ্ধে আয়োজিত কর্মসূচি হিসেবে ৫-৬ আগস্ট দেশব্যাপী প্রতিবাদী সমাবেশের আয়োজন করা হয়েছে। ৫ আগস্ট ঢাকায় মুক্তাঙ্গনে এক প্রতিবাদী সমাবেশের মাধ্যমে এ হত্যা মামলার পুন:তদন্ত এবং বিচারের দাবী জানানো হবে।